প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট
পাকিস্তানি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে হানিট্র্যাপ বা প্রেমের ফাঁদে ফেলে সংবেদনশীল ও গোপনীয় তথ্য চুরির মতো ঘটনা প্রায়ই সামনে আসে। বিশেষ করে ভারতের সামরিক কর্মকর্তা, প্রতিরক্ষা খাতের কর্মচারী এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে এসব সাইবার হানিট্র্যাপের বহু ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে এসব ঘটনায় ভারতীয় প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একজন উইং কমান্ডারের চাঞ্চল্যকর তথ্য ফাঁসের বিষয়টি প্রকাশ পায়। গত পাঁচ মাস আগে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বা গোপনীয়তা আইনে মামলা দায়ের করা হয়।
অভিযোগ রয়েছে, ওই কর্মকর্তা পাকিস্তানের এক সন্দেহভাজন গোয়েন্দা এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তিনি যুদ্ধ-পরিকল্পনা সংক্রান্ত নথিপত্র, ড্রোনের সক্ষমতা, সামরিক মোতায়েনের স্থান, যুদ্ধবিমানের গতিবিধি এবং সংবেদনশীল স্থাপনার স্থানাঙ্কের মতো অত্যন্ত গোপনীয় ও অপারেশনাল তথ্য পাচার করেছিলেন।
পুলিশের চার্জশিট অনুযায়ী, অভিযুক্ত আইএএফ কর্মকর্তা চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই সন্দেহভাজন পাকিস্তানি এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। চার্জশিটে আরও উল্লেখ করা হয়, পাকিস্তানি ওই অপারেটর তাকে একটি ‘নগ্ন ছবি’ পাঠানোর পর ওই কর্মকর্তা ‘গোপন যুদ্ধপরিকল্পনার’ একটি পাতা পাঠাতেন। এমনকি তিনি এও বলেছিলেন যে, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে তিনি যুদ্ধপরিকল্পনার নতুন একটি করে পাতা সরবরাহ করবেন।
এর আগে ২০২৩ সালের মে মাসে মহারাষ্ট্রের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) প্রদীপ কুরুলকার নামের এক ভারতীয় বিজ্ঞানীকে গ্রেপ্তার করে। তিনি সে সময় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) পুনে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (ইঞ্জিনিয়ার্স) ল্যাবরেটরির প্রধান ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, জারা দাশগুপ্ত নামধারী এক নারীরূপী পাকিস্তানি গোয়েন্দা এজেন্টের সঙ্গে তিনি সংবেদনশীল প্রতিরক্ষা প্রকল্পের তথ্য শেয়ার করেছিলেন। নগ্ন ছবি ও সেক্সটিং বা অশালীন চ্যাটিংয়ের বিনিময়ে তিনি এসব তথ্য পাচার করেন। বহুল আলোচিত এই মামলার বিচারকার্য অবশেষে গত জুলাই মাসে শুরু হয়।
সামরিক কর্মীদের জড়িত থাকার আরেকটি বড় ঘটনা ঘটে ২০২২ সালের জুলাই মাসে। সে সময় ভারতীয় সেনাবাহিনীর শান্তিময় রানাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, পাকিস্তানি গোয়েন্দা বা চরেরা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের মাধ্যমে নারী সেজে তাকে হানিট্র্যাপে ফেলেছিল এবং এরপর তিনি গোপনীয় তথ্য পাচার করেছিলেন।
এ ধরনের ধারাবাহিক ও গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাগুলো ভারতীয় সশস্ত্র বাহিনীকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির সশস্ত্র বাহিনী তাদের সদস্যদের জন্য কঠোর নির্দেশিকা জারি করেছে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থাকার বিষয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনী তাদের সদর দপ্তরে একটি নতুন এবং উৎসর্গীকৃত তথ্য যুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার টিম গঠন করেছে। চলতি বছরের এপ্রিল মাসে তৎকালীন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিদ্বী নিশ্চিত করেন যে, এই ইউনিটটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। প্রতিপক্ষের অপপ্রচার মোকাবিলা করা এবং কৌশলগত ধারণা বা পারসেপশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ইউনিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এনটিভি অনলাইন ডেস্ক