জব্দ করা মার্কিন সমরাস্ত্র খুলে প্রযুক্তি বিশ্লেষণ, প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান
জব্দ করা যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে গবেষণা বা ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ (খুলে এর গঠন ও প্রযুক্তি বিশ্লেষণ) করার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করছে ইরান। এর মাধ্যমে দেশটি নিজস্ব অস্ত্র ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। খবর আলজাজিরার।
রাশিয়ার বার্তা সংস্থা নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল বালালি এ তথ্য জানান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে আলী বালালি বলেন, মার্কিন সামরিক সরঞ্জামগুলো নিয়ে গবেষণার মূল উদ্দেশ্য কেবল সেগুলোর হুবহু নকল বা মডেল তৈরি করা নয়। বরং এসব সরঞ্জামের অভ্যন্তরীণ কাঠামো এবং এতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিগুলোকে কাজে লাগানোই তেহরানের লক্ষ্য।
আলী বালালি আরও ব্যাখ্যা করে বলেন, ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জব্দ করা এই মার্কিন সরঞ্জামগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে নতুন নতুন ধারণা ও সমরাস্ত্রের নকশা তৈরি করার চেষ্টা করছেন, যা ইরানের নিজস্ব প্রতিরক্ষা চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে দেশের সামরিক প্রযুক্তি ও সমরাস্ত্র উৎপাদন খাত আরও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে।

এনটিভি অনলাইন ডেস্ক