বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ বৃদ্ধি
দিনের শুরুতে ব্যাপক বিক্রি হওয়ার পর শুক্রবার (১৩ নভেম্বর) স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তবে সাপ্তাহিক পতনের ধারা অব্যাহত রয়েছে। বিনিয়োগকারীরা মার্কিন মুদ্রাস্ফীতির গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের অপেক্ষায় রয়েছেন। ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বৃদ্ধি পেটে পারে বলে আশা করছেন তারা। খবর রয়টার্সের।
চলতি সপ্তাহে এখন পর্যন্ত প্রায় ৪ শতাংশ দরপতনের পর আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৬ মিনিট নাগাদ স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৩ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
গতকাল বৃহস্পতিবার বড় ধরনের দরপতনের পর স্বর্ণের দাম আবার বেড়েছিল, কারণ বিক্রি বেড়ে গিয়েছিল। বৃহস্পতিবার স্বর্ণের দাম ৩ শতাংশ কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। কারণ মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসানের আশা ম্লান হয়ে এসেছে। এতে তেলের দাম বেড়েছে, যা উচ্চ মুদ্রাস্ফীতি এবং উচ্চ সুদের হারের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি প্রতিষেধক হিসেবে বিবেচনা করা হয়। উচ্চ সুদের হারের কারণে এটির আকর্ষণ কমে যায়। কারণ স্বর্ণের বার থেকে কোনো সুদ পাওয়া যায় না।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে, প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫১৪ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩ দশমিক ৬৯ ডলারে পৌঁছেছে। সপ্তাহজুড়ে তিনটি ধাতুর দামই কমতির দিকে ছিল।

এনটিভি অনলাইন ডেস্ক