বিশ্ববাজারে দ্বিতীয় সপ্তাহের মতো কমছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো জ্বালানি তেলের দাম কমার আভাস পাওয়া গেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের ভয় কিছুটা কমেছে। এতে শুক্রবার (১৩ নভেম্বর) তেলের বাজারে মিশ্র অবস্থা দেখা যায়। তবে জাহাজে হামলার ঘটনা ঘটায় সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি এখনও কাটেনি। খবর রয়টার্সের।
বাজার তথ্য বলছে, বাংলাদেশ সময় দুপুর ১টা ৪১ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম সামান্য বেড়েছে। ব্যারেলপ্রতি ২৫ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে এটি ৯৬ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়ছে প্রতি লিটার প্রায় ৭৫ টাকা ৩৫ পয়সা। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারের দাম কমেছে। ব্যারেলপ্রতি ১৬ সেন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে এটি ৮৮ দশমিক ৫৯ ডলারে বিক্রি হচ্ছে। বাংলাদেশি টাকায় প্রতি লিটারের দাম প্রায় ৬৯ টাকা ৫০ পয়সা।
সপ্তাহজুড়ে তেলের বাজারে বেশ অস্থিরতা ছিল। আগের দুই দিন দাম বাড়লেও আজ তা আবার বদলে যায়। নবম মাসে গড়ানো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সপ্তাহের শুরুতে সমঝোতার আশা তৈরি হয়েছিল। কিন্তু ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা এবং উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজে আক্রমণের কারণে সেই আশা ম্লান হয়ে যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধ শেষ করার জন্য ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই।
নয়াদিল্লিভিত্তিক গবেষণা সংস্থা এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেবা বিষয়টি বিশ্লেষণ করে বলেন, ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। ট্রাম্পের এমন ইঙ্গিতে মনে হচ্ছে, ওয়াশিংটন সামরিক হামলার বদলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং তেল পরিবহণে বাধার ওপরই বেশি জোর দেবে। যুক্তরাষ্ট্রে তেলের চাহিদা কমার লক্ষণও দাম কমার পেছনে বড় কারণ। সেখানে তেলের মজুত বেড়ে যাওয়ায় ব্যবহার কমার ইঙ্গিত মিলছে।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) গতকাল বৃহস্পতিবার নতুন তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, পরিশোধিত তেলের চাহিদা কমে যাওয়ায় এবং আমদানি বাড়ায় গত সপ্তাহে দেশটিতে তেল ও জ্বালানির মজুত বেড়েছে।
সাপ্তাহিক হিসাবে তেলের দাম কমার ধারা স্পষ্ট হয়েছে। আগের সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ কমেছিল। চলতি সপ্তাহে তা আরও ২ দশমিক ৩ শতাংশ কমার পথে রয়েছে। অন্যদিকে আগের সপ্তাহে ডব্লিউটিআইয়ের দাম ১৩ শতাংশ কমেছিল। চলতি সপ্তাহে এর দাম আরও ২ দশমিক ৪ শতাংশ কমার আভাস পাওয়া যাচ্ছে।
তেলের দাম কিছুটা কমলেও সরবরাহ নিয়ে ভয় এখনও কাটেনি। মধ্যপ্রাচ্যের প্রধান উৎপাদনকারী দেশগুলো থেকে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ হলো হরমুজ প্রণালি। এই জলপথে তেল পরিবহণে ঝুঁকি রয়ে গেছে। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সতর্কবার্তা না মানায় হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
একই দিনে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরাও হামলার দাবি করেছে। তারা জানিয়েছে, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশনে তারা হামলা চালিয়েছে। এ ছাড়া লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু শহরের একটি তেল স্থাপনা এবং রাজধানী রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনেও হামলা চালানো হয়েছে।
বাজার বিশ্লেষক সুগন্ধা সচদেবা এ বিষয়ে সতর্ক করে বলেন, ভূরাজনৈতিক ঝুঁকি এখনও অনেক বেশি। তেল সরবরাহে নতুন কোনো বাধা এলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও দ্রুত বেড়ে যেতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক