বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির জোরালো সম্ভাবনা ও নীতিনির্ধারকদের কঠোর অবস্থানের ইঙ্গিতে টানা তৃতীয় সেশনে স্বর্ণের দামে পতন ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স তিন হাজার ৯৩১ দশমিক ৫৪ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৪ নভেম্বরের পর সর্বনিম্ন।
স্বর্ণের পাশাপাশি রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫০ দশমিক ৯৯ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে এক হাজার ২৫ দশমিক ৮১ ডলারে নেমেছে (যা বুধবার ২২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল)।
শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ব্যাংক অব ইংল্যান্ডের নীতিনির্ধারক মেগান গ্রিনও বুধবার মুদ্রানীতি আরও কঠোর করার পক্ষে মত দিয়েছেন। সুদের হার বাড়লে কোনো সুদ না দেওয়া স্বর্ণের মতো সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওলে হ্যানসেন জানান, যুক্তরাষ্ট্রের অব্যাহত মূল্যস্ফীতি ও ফেড কর্মকর্তাদের কড়া বক্তব্যের কারণে বিক্রেতারা সক্রিয় হওয়ায় স্বর্ণ তিন হাজার ৯৭০ ডলারের নিচে নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক