ইসরায়েলি ফোন-হ্যাকিং প্রযুক্তি কিনতে নিজেদের আইন এড়াচ্ছে ভারত
সরকারি সংস্থাগুলোর কাছে ফোন থেকে তথ্য হাতিয়ে নেওয়া এবং নজরদারি প্রযুক্তি বিক্রির সুযোগ করে দিতে একটি ইসরায়েলি ফোন-হ্যাকিং কোম্পানিকে সরকারের ক্রয়নীতি থেকে ছাড় দিয়েছে ভারত। সরকারের এই পদক্ষেপে মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও সমালোচনা শুরু হয়েছে।
ডিজিটাল অধিকার বিষয়ক সংগঠন 'ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন' (আইএফএফ)-এর এক অনুসন্ধানে দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মেক ইন ইন্ডিয়া’ ক্রয়নীতি থেকে ছাড় দেওয়ার নথিতে স্বাক্ষর করেছেন। এর ফলে সরকারি ফরেনসিক প্রতিষ্ঠানগুলোর জন্য ইসরায়েলি সংস্থা 'সেলিব্রাইট'-এর তৈরি পণ্যসহ অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তি পণ্য কেনার পথ সুগম হয়েছে।
কেবল মোদির কেন্দ্রীয় সরকার বা তাঁর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোই নয়, বরং বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস শাসিত রাজ্য—যেমন হিমাচল প্রদেশ, কেরালা এবং কর্ণাটক সরকারও অনুরূপ ফোন-এক্সট্রাকশন এবং ক্লোনিং সরঞ্জাম কিনেছে।
নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ভারতের এই বিস্তৃত নজরদারি সক্ষমতা কেবল পাসওয়ার্ড ছাড়াই ফোন ক্লোন করা বা তথ্য বের করে আনার মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং এর মাধ্যমে ইনস্টাগ্রাম, এক্স এবং টিন্ডারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ক্লাউড-ভিত্তিক ডেটা এবং অ্যামাজনের অ্যালেক্সা ও গুগল হোমের মতো সংযুক্ত ডিভাইসের তথ্যও সংগ্রহ করা সম্ভব।
বিশেষজ্ঞরা যুক্তি দিয়েছেন যে, ভারতের বর্তমান আইনে এ ধরনের সীমাহীন নজরদারি রোধে কোনো রক্ষাকবচ নেই এবং আইনের এক ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতির সুযোগ নিয়ে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ডিজিটাল অধিকার ও গোপনীয়তা নিয়ে কাজ করা ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বৃন্দা ভান্ডারি এ প্রসঙ্গে বলেন, ‘এটি স্পষ্ট যে ভারতের নজরদারি সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং তা আরও বিস্তৃত ও গভীর হচ্ছে।’
আল জাজিরাকে বৃন্দা ভান্ডারি বলেন, ‘সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক নজরদারির চেয়ে এখন গণ-নজরদারি চালানো অনেক সহজ হয়ে গেছে এবং আরও অনুপ্রবেশমূলক নজরদারি চালানোও সম্ভব হচ্ছে। বর্তমানে নজরদারির মাধ্যমে একজন ব্যক্তির জীবনের অনেক গভীর ও বিস্তারিত চিত্র পাওয়া সম্ভব।’
ইনস্টাগ্রাম থেকে টিন্ডার : ক্লাউড-ভিত্তিক ডেটা সংগ্রহ
আইএফএফ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ জানুয়ারি তারিখের একটি চিঠি পর্যালোচনা করেছে, যা আল জাজিরাও দেখেছে। ওই চিঠিতে অমিত শাহ অন্তত ৪২২টি ফরেনসিক সরঞ্জাম কেনার পথ পরিষ্কার করতে এক বছরের জন্য ‘মেক ইন ইন্ডিয়া’ নিয়ম থেকে ব্যাপক ছাড় দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছেন।
‘মেক ইন ইন্ডিয়া’ ক্রয়নীতি অনুযায়ী, সরকারি চুক্তি প্রদানের ক্ষেত্রে বিদেশি সরবরাহকারীদের চেয়ে যোগ্য ভারতীয় নির্মাতাদের অগ্রাধিকার দেওয়া বাধ্যতামূলক। তবে সংশ্লিষ্ট ক্রয়কারী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এই নিয়মে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে।
মন্ত্রণালয়ের ২০ জানুয়ারির অপর একটি চিঠিতে দেখা যায়, অমিত শাহ জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) প্রায় ৫ কোটি রুপি ব্যয়ে তিন বছরের লাইসেন্সে ইসরায়েলি কোম্পানি সেলিব্রাইটের 'প্রিমিয়াম টুল' কেনার অনুমতি দিয়েছেন।
টেন্ডার দরপত্র পর্যালোচনায় সরকারের চাওয়া বৈশিষ্ট্যগুলোতে দেখা গেছে, এই ‘সলিউশন’ সফটওয়্যারটি জব্দ করা ফোন বা কম্পিউটার থেকে উদ্ধার করা 'লগইন টোকেন' ব্যবহার করে ১০০টিরও বেশি ক্লাউড পরিষেবায় প্রবেশ করতে সক্ষম হবে। লগইন টোকেন হলো এমন ডিজিটাল চাবি, যা ব্যবহারকারীদের অনলাইন অ্যাকাউন্টে সাইন-ইন অবস্থায় রাখে।
কোনো কোম্পানিকে ছাড় দেওয়ার অর্থ এই নয় যে সরকারি কোনো সংস্থা নির্দিষ্ট কোনো পণ্য কিনেই ফেলেছে; তবে এটি প্রমাণ করে যে ভারতীয় সংস্থাগুলোর জন্য কী ধরনের ফরেনসিক সক্ষমতা কেনার দরজা খুলে দেওয়া হয়েছে।
৪২২টি পণ্যের ছাড়ের তালিকা থেকে আইএফএফ ডিজিটাল এবং মাল্টিমিডিয়া ফরেনসিকের অধীনে ১১৮টি পণ্য শনাক্ত করেছে, যার মধ্যে ইসরায়েলি কোম্পানি সেলিব্রাইটের 'পাথফাইন্ডার', 'ইনসেয়েটস অন-প্রেম প্রো' এবং 'ইনসেয়েটস অফলাইন' রয়েছে।
সার্বিয়া, জর্ডান, কেনিয়া এবং রাশিয়ার মতো দেশে সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে সেলিব্রাইটের সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
অন্যান্য পণ্যের মধ্যে ম্যাগনেট, এমএসএবি, অক্সিজেন ফরেনসিকস এবং বেলকাসফটের মতো বিদেশি ডিজিটাল-ফরেনসিক কোম্পানির সরঞ্জামের পাশাপাশি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স, ডার্ক-ওয়েব মনিটরিং এবং ক্রিপ্টোকারেন্সি তদন্তের সফটওয়্যারও অন্তর্ভুক্ত রয়েছে।
আল জাজিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ 'ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার'-এর 'ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাবরেটরি'-র জন্য সফটওয়্যার চেয়ে দিল্লি পুলিশের দেওয়া একটি দরপত্র প্রস্তাব পর্যালোচনা করেছে।
পুলিশ বিভাগ তাদের অনুরোধে যেসব সক্ষমতা চেয়েছে তা হলো: এমন সফটওয়্যার যা অ্যাপলের ম্যাকওএস, মাইক্রোসফট উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড বাইপাস করতে পারে; ইন্টারনেট কার্যকলাপ, ব্রাউজার হিস্ট্রি, মুছে ফেলা ফাইল পুনরুদ্ধার এবং ভিপিএন-এর চিহ্ন শনাক্ত করতে পারে; স্ক্রিন লক বাইপাস করতে পারে; সম্পূর্ণ ফাইল সিস্টেম এক্সট্রাকশন করতে পারে; ব্যাকআপ ডিক্রিপ্ট করতে পারে; এবং মেসেজিং অ্যাপ্লিকেশন থেকে তথ্য বের করতে পারে।
দিল্লি পুলিশ আরও একটি ‘অল-ইন-ওয়ান’ সিস্টেম চেয়েছে যা ডিভাইস থেকে উদ্ধার করা অ্যাকাউন্টের তথ্য বা লগইন টোকেন ব্যবহার করে গুগল, অ্যাপল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ডিসকর্ড এবং টিন্ডার, গ্রাইন্ডার ও ওকেকিউপিডের মতো ডেটিং প্ল্যাটফর্ম কিংবা স্ল্যাক ও অনলিফ্যানসের মতো ১০০টিরও বেশি ক্লাউড পরিষেবায় প্রবেশ করতে পারবে। তাদের চাহিদাপত্রে ড্রোন, পরিধানযোগ্য ডিভাইস (স্মার্টওয়াচ ইত্যাদি) এবং অ্যামাজন অ্যালেক্সা ও গুগল হোমের মতো ডিভাইস থেকেও তথ্য বের করার সক্ষমতা চাওয়া হয়েছে।
আল জাজিরা এ বিষয়ে মন্তব্যের জন্য এনআইএ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিরোধী-শাসিত রাজ্য হিমাচল প্রদেশ, কর্ণাটক ও কেরালার স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছিল। উল্লেখ্য, দিল্লি পুলিশ সরাসরি অমিত শাহের মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত তাদের কেউই আল জাজিরাকে কোনো জবাব দেয়নি।
‘তারা আমার ফোনের ভেতরে ঢুকল কীভাবে?’
কারো কারো কাছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর নজরদারি সক্ষমতায় স্বচ্ছতার এই অভাব কেবল তাত্ত্বিক কোনো উদ্বেগের বিষয় নয়।
গত মাসে নির্বাচন প্রধানের পদত্যাগের দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ চলাকালীন মোদি-সমালোচক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি বিক্ষোভে অংশ নিতে নয়াদিল্লিতে আসেন।
বিক্ষোভের দিন সকালে বাড়িতে থাকা অবস্থায় দিল্লি পুলিশ তাঁকে আটক করে এবং তাঁর ফোনটি নিয়ে নেয়। পরবর্তীতে এক পডকাস্টে রাঠি বলেন, তিনি বিশ্বাস করেন পুলিশ ইসরায়েলি কোম্পানি সেলিব্রাইটের সরঞ্জাম ব্যবহার করে তাঁর আইফোন ক্লোন করার চেষ্টা করেছিল, কিন্তু তাঁর ডিভাইসে আইওএস অপারেটিং সিস্টেমের এমন একটি নতুন সংস্করণ চলছিল যা ওই টুলটি ভেদ করতে সক্ষম ছিল না—তাই তাদের চেষ্টা ব্যর্থ হয়ে থাকতে পারে।
আল জাজিরা রাঠির এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, তবে এমন সন্দেহ কেবল রাঠির একার নয়।
সংবাদপত্র 'সিয়াসাত ডেইলি'-র প্রতিবেদক মোহাম্মদ আসলাম হুসেন আল জাজিরাকে জানান, গত ১০ অক্টোবর নয়াদিল্লিতে এক ক্যামেরাপারসনসহ তাঁকে আটক করা হয় এবং ঘটনাস্থলেই তাঁর ফোনটি বাজেয়াপ্ত করা হয়।
হুসেন বলেন, ‘সন্ধ্যার পর যখন আমি আমার ডিভাইসটি ফেরত পাই, তখন আমাদের রিপোর্টিংয়ের ধারণ করা সব ফুটেজ ফোন থেকে বেছে বেছে মুছে ফেলা হয়েছিল।’ ওই সাংবাদিক স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড চালিত গ্যালাক্সি এস২৪ ব্যবহার করেন, যা প্যাটার্ন লক এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুরক্ষিত ছিল।
হুসেন আরও বলেন, তাঁর ফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করতে পুলিশ ঠিক কোন সরঞ্জাম ব্যবহার করেছে তা তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না। তিনি যোগ করেন, ‘কিন্তু এটি বেশ কিছু প্রশ্নের জন্ম দেয়, যার উত্তর দিতে কেউ রাজি নয়। তারা আমার ফোনের ভেতরে ঢুকল কীভাবে?’
প্রধানমন্ত্রী মোদির শাসনামলে সাংবাদিক, অধিকারকর্মী, আইনজীবী এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে অত্যাধুনিক স্পাইওয়্যার ব্যবহার করার অভিযোগ আগেও ভারত সরকারের বিরুদ্ধে উঠেছে।
২০১৯ সালে হোয়াটসঅ্যাপ প্রকাশ করেছিল যে, ইসরায়েলি সংস্থা এনএসও গ্রুপের তৈরি 'পেগাসাস' স্পাইওয়্যার ভারতীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হয়েছিল। পরবর্তীতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ফরেনসিক পরীক্ষায় সাংবাদিক সিদ্ধার্থ বরদরাজন এবং আনন্দ মাংনালের ফোনে পেগাসাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে সরকার বরাবরই অননুমোদিত নজরদারির অভিযোগ অস্বীকার করে এসেছে।
এ বিষয়ে ভান্ডারি আল জাজিরাকে বলেন, এই সীমাহীন নজরদারিকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হলো ভুক্তভোগীকে শনাক্ত করা। তিনি উল্লেখ করেন, প্রায়ই যাঁর ওপর নজরদারি চালানো হয়, তিনি নিজেই সে সম্পর্কে জানেন না, ফলে তাঁর করার কিছুই থাকে না।
‘নজরদারিতে প্রতিবন্ধকতা’?
ডিজিটাল অধিকার গোষ্ঠী আইএফএফ যে মূল আইনি শূন্যতাটি চিহ্নিত করেছে তা হলো—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা মোবাইল ফোন জোরপূর্বক আনলক করা এবং সেখান থেকে সম্পূর্ণ তথ্য বের করে নেওয়ার বিষয়টি অনুমোদন বা নিয়ন্ত্রণ করার জন্য ভারতে সুনির্দিষ্ট কোনো আইন বা প্রোটোকল নেই।
ফৌজদারি আইনের অধীনে বিদ্যমান জব্দ করার ক্ষমতায় পাসকোড বাইপাস করা, সম্পূর্ণ ফাইল সিস্টেম কপি করা, ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশের জন্য লগইন টোকেন সংগ্রহ করা কিংবা সংগৃহীত তথ্য সংরক্ষণ ও মুছে ফেলার কোনো নিয়মাবলির স্পষ্ট উল্লেখ নেই।
২০১৭ সালের এক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট গোপনীয়তাকে ভারতীয় সংবিধানের অধীনে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। ওই রায়ে বলা হয়েছে, গোপনীয়তার ওপর রাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপের অবশ্যই আইনি ভিত্তি থাকতে হবে, এর পেছনে রাষ্ট্রের বৈধ উদ্দেশ্য থাকতে হবে এবং তা সেই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
এ প্রসঙ্গে বৃন্দা ভান্ডারি আল জাজিরাকে বলেন, সরকারি সংস্থাগুলো যখন কোনো অর্থবহ তদারকি ছাড়াই এসব সক্ষমতা প্রয়োগ করে, তখন নজরদারির জাল আরও বিস্তৃত ও গভীর হয় এবং আইনসভা, সংসদ বা বিচার বিভাগের কোনো তদারকি ছাড়াই আরও অনেক মানুষ এর শিকার হন।
বৃন্দা ভান্ডারি উল্লেখ করেন, যুক্তরাজ্য বা জার্মানির মতো কিছু দেশে সংসদীয় তদারকি বা বিচারিক তদারকির কোনো না কোনো ব্যবস্থা থাকলেও ভারতে কেবল নির্বাহী বিভাগের অভ্যন্তরীণ পর্যালোচনা ব্যবস্থা রয়েছে।
বৃন্দা ভান্ডারি বলেন, ‘যেকোনো তদারকি ব্যবস্থা রাখার মূল উদ্দেশ্য হলো নজরদারির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি করা, যাতে সরকারের পক্ষে চাইলেই যে কাউকে লক্ষ্যবস্তু বানানো সহজ না হয়।’ তিনি আরও বলেন, ‘বর্তমান আইনি কাঠামো এই সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।’

এনটিভি অনলাইন ডেস্ক