এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, ক্রেতাদের হিড়িক
এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। ফলে বিশ্ববাজারে কম দামে স্বর্ণ কেনার হিড়িক পড়েছে। খবর রয়টার্সের।
আন্তর্জাতিক বাজার তথ্য অনুযায়ী, আজ শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা ১৮ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯১৮ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। তবে দাম বাড়লেও চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দর ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্যদিকে আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯২২ দশমিক ৬০ ডলারে লেনদেন হচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্পট গোল্ডের দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ক্ষীণ হয়ে আসায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায়। এর ফলে উচ্চ মুদ্রাস্ফীতি এবং সুদের হার আরও বাড়ার আশঙ্কা তৈরি হওয়ায় স্বর্ণের বাজারে বড় দরপতন ঘটেছিল।
বাজার বিশ্লেষক সংস্থা ওন্ডার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং বলেন, গতকালের বড় ধরনের দরপতনের পর স্বল্পমেয়াদী সূচকগুলো বিক্রির হিড়িক পড়ে। তাই আজকের এই দরবৃদ্ধি মূলত বাজারে অবস্থান সমন্বয়েরই অংশ। স্বল্পমেয়াদে স্বর্ণের দাম বাড়ার পেছনে একটি বড় কারণ হতে পারে মার্কিন ট্রেজারি ইল্ডের হঠাৎ পরিবর্তন, যা মার্কিন ডলারের গতিকে মন্থর করে দিতে পারে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্যমতে, আগামী ডিসেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮৯ শতাংশ বলে মনে করছে বাজার। আর ৫০ বেসিস পয়েন্টের মতো বড় ধরনের সুদ বাড়ানোর সম্ভাবনা ধরা হয়েছে ১১ শতাংশ।
সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে দেখা হয়। তবে সুদের হার বাড়লে সুদবিহীন এই ধাতু ধরে রাখার সুযোগ ব্যয় (অপরচুনিটি কস্ট) বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট জন উইলিয়ামস জানিয়েছেন, একটি স্থিতিশীল অর্থনীতিতে উচ্চ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংক আরও সুদের হার বাড়াতে পারে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও কিছুটা পরিবর্তন দেখা গেছে। স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৫০ দশমিক ২৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ১১ দশমিক ৬৫ ডলারে উঠেছে। তবে সপ্তাহ শেষে এই দুটি ধাতুই দরপতনের মুখে রয়েছে। অন্যদিকে স্পট প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৩ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে এবং এটি সাপ্তাহিক হিসাবে সামান্য লাভের পথে রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক