বোমা হামলার হুমকি, ইতালিজুড়ে ৩ শতাধিক স্কুল খালি
একাধিক ‘ভুয়া’ বোমা হামলার হুমকির পর আজ বুধবার (১১ নভেম্বর) ইতালি জুড়ে বেশ কিছু স্কুল থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে বাস্তব কোনো ‘আশঙ্কা বা বিপদ’ নেই।
অনুরূপ ভুয়া হুমকি ব্রিটেন এবং আয়ারল্যান্ডের স্কুলেও ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে, যার ফলে সেখানেও কিছু কিছু স্কুল সাময়িকভাবে খালি করে দেওয়া হয়। খবর বার্তা সংস্থা এএফপির।
ইতালির গণমাধ্যমের খবরে বলা হয়েছে—দেশজুড়ে প্রায় ৩১২টি স্কুল এ ধরনের হুমকির সম্মুখীন হয়েছে এবং এ কারণে জরুরি সরকারি বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে মেলোনি লেখেন, ‘এখন পর্যন্ত পরিচালিত তদন্ত ও তল্লাশির ভিত্তিতে বলা যায়, উদ্বেগের কোনো বাস্তব ভিত্তি বা সুনির্দিষ্ট বিপদ থাকার সংকেত পাওয়া যায়নি।’
মেলোনি আরও বলেন, ‘বরং মনে হচ্ছে এই রিপোর্টগুলো আতঙ্ক ও উদ্বেগ তৈরি করার এক সুনির্দিষ্ট কৌশলের অংশ, যা বর্তমানে গভীর তদন্তের আওতায় রয়েছে।’
ইতালির স্কুল প্রধানদের সংস্থা এএনপি’র সভাপতি আন্তোনেল্লো জানেল্লি জানান, হুমকিগুলো ছিল ‘স্পষ্টতই ভুয়া ও ভিত্তিহীন’।
জানেল্লি বলেন, ‘এই ঘটনাটি প্রমাণ করে যে, দায়িত্বজ্ঞানহীনতার সাথে আজকের প্রযুক্তি ও যোগাযোগের অসাধারণ ক্ষমতা যুক্ত হলে তা কতটা বড় পরিসরে ক্ষয়ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আমরা আশা করি, এই হুমকিগুলোর উৎসের ওপর দ্রুত পুরোপুরি আলো ফেলা হবে এবং এর পেছনে দায়ীদের শনাক্ত করা সম্ভব হবে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপজুড়ে উড়োজাহাজে ধারাবাহিক ভুয়া বোমা হামলা এবং ইতালিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে সুপারমার্কেটের হিমায়ন যন্ত্রে সাইবার হামলার মতো ঘটনার পরই এবার স্কুলে এই হামলার হুমকির ঘটনা ঘটল।

এনটিভি অনলাইন ডেস্ক