শর্ত না মানলে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেবে না ইরান
ওয়াশিংটন আগে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের ছাড় দেবে না বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আতেফেহ তোগিয়ানি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।
তোগিয়ানি বলেন, আমেরিকানরা যদি চায় ইরান তাদের বিশ্বাস করুক বা পারমাণবিক বিষয়ে কোনো ছাড় দিক, তবে যুক্তরাষ্ট্রকে প্রথমে অতীতে স্বাক্ষরিত চুক্তির প্রতিশ্রুতিগুলোতে ফিরে আসতে হবে।
ইরানের প্রধান দাবি দুটি ভাগে বিভক্ত
প্রথমত, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ও সংঘাতের অবসান এবং দ্বিতীয়ত, অবরোধ তুলে নেওয়া কিংবা অর্থনৈতিক বোঝা কমিয়ে এক ধরনের ক্ষতিপূরণ প্রদান।
তেহরানের এই বার্তা স্পষ্ট যে, যুক্তরাষ্ট্র যদি এই শর্তগুলো পূরণ করে, তবেই তারা আমেরিকার পারমাণবিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে আলোচনার টেবিলে বসতে পারে।
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসন সহজে পিছু হটবে না বলে মনে করেন তেহরান বিশ্ববিদ্যালয়ের এই বিশ্লেষক।
ওয়াশিংটন এই নিষেধাজ্ঞাগুলোকে চাপ প্রয়োগের একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখে ও বর্তমান পরিস্থিতিতে তাদের হাতে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক