ফ্রিজে সাইবার হামলায় ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি ফ্রান্সের
ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজিং সিস্টেমে নজিরবিহীন সাইবার হামলায় ইরানকে সরাসরি দায়ী করে এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্যারিস। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো জানিয়েছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক ও গোপন সামরিক বা সাইবার পদক্ষেপ নেওয়ার সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। খবর এএফপির।
ফরাসি গণমাধ্যম ফ্রঁসইনফোটভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, এই ঘটনায় ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে (ইউইউ) ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করা হবে। আমরা কোনো পদক্ষেপকেই তালিকার বাইরে রাখছি না। প্রকাশ্যে বা গোপনে এমন সব আনুপাতিক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যা ভবিষ্যতে ইরান বা অন্য কাউকে এ ধরনের হামলা চালানো থেকে নিরুৎসাহিত করবে।
গত ১১ ও ১২ অক্টোবরে সংঘটিত এই নজিরবিহীন সাইবার হামলায় অন্তত ৭০০টি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়। হ্যাকাররা ওয়েব ইন্টারফেসের মাধ্যমে রেফ্রিজারেটরগুলোর তাপমাত্রা বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য ‘ডিফ্রস্ট সাইকেল’ চালু করে দেয়। তাপমাত্রা বাড়ার সেন্সর সতর্কবার্তা নিষ্ক্রিয় করে ফেলে। ফলে রেফ্রিজারেটরে থাকা পচনশীল সব খাবার নষ্ট হয়ে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে ফরাসি চেইন শপগুলো।
পরবর্তীতে ২ নভেম্বরের দিকে ইউরোপের আরও অন্তত ৯টি দেশের বিভিন্ন চেইন শপে একই ধরনের ফ্রিজার বিকল করার ঘটনা সামনে আসে। প্যারিসের পাবলিক প্রসিকিউটর লর বেকু জানিয়েছেন, তদন্তের পর নিশ্চিত হওয়া গেছে যে এই হামলার পেছনে রয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অধীনস্থ ইলেকট্রনিক ও সাইবার সেন্টারের একটি অত্যন্ত গোপন আক্রমণাত্মক ইউনিট ‘শাহিদ কাভে’। প্রসিকিউটর কার্যালয় থেকে ইতোমধ্যে শাহিদ কাভের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করা হয়েছে।
ফরাসি সাইবার ক্রাইসিস সমন্বয় কেন্দ্র জানায়, আইআরজিসির এই ইউনিটটি মূলত ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপের শিল্প সরঞ্জামকে লক্ষ্য করে বড় ধরনের সাইবার নাশকতা চালিয়ে থাকে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি নিহত হওয়ার পর যে সংঘাতের সূচনা হয়, তাতে ফরাসি বা ইউরোপীয় বাহিনী সরাসরি অংশ নেয়নি। তবে সাম্প্রতিক সাইবার হামলা ও ফ্রান্সে অভ্যন্তরীণ অসন্তোষ উসকে দিতে ইরানের অপপ্রচারের তথ্য সামনে আসায় দুই দেশের মধ্যকার কূটনৈতিক টানাপড়েন চরম আকার ধারণ করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক