বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতি সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর জেরে সোমবার (৯ অক্টোবর) বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। আজ স্থানীয় বাজারে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৯৪ দশমিক ৪৩ মার্কিন ডলারে পৌঁছেছে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় ও মধ্যপ্রাচ্য সংঘাত সমাধানের আশাবাদ তৈরি হওয়ায় গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন সামরিক আঘাত হানার সম্ভাবনাকে বড় করে না দেখায় সোমবারে জ্বালানি তেলের দাম হ্রাস পেয়েছে। যদিও হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলার ঘটনা সরবরাহ নিয়ে উদ্বেগ বজায় রেখেছে।
স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস ত্জাবোরাস জানান, তেলের দাম ও বন্ড ইয়েল্ড কমায় স্বর্ণের দাম বাড়ছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা আগামী ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াবে বলে বর্তমানে ৮১ শতাংশ সম্ভাবনা দেখছেন, যা কর্মসংস্থানের তথ্য আসার আগে ছিল ৭৩ শতাংশ। সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতির বিপরীতে নিরাপদ আশ্রয় মনে করা হলেও উচ্চ সুদের হার সুদমুক্ত স্বর্ণ বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দেয়।
স্বর্ণকে পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বিশ্ববাজারে স্পট সিলভারের (রুপা) দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে এক হাজার ৫৪৫ দশমিক ৮৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার ৩৩ দশমিক ২৪ ডলারে উন্নীত হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক