বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পুনরুদ্ধার ও সম্ভাব্য মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় ফের নিম্নমুখী হয়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘমেয়াদে উচ্চ রাখার সিদ্ধান্ত নিতে পারে— বিনিয়োগকারীদের এমন শঙ্কা এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নন-ফার্ম পে-রোল প্রতিবেদনের অপেক্ষার মধ্যেই স্বর্ণের দামে এই পতন ঘটল।
আজ শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৭.১৯ ডলারে দাঁড়িয়েছে। তবে চলতি সপ্তাহের সামগ্রিক হিসাবে গত আগস্টের শেষভাগের পর এটিই স্বর্ণের সেরা সপ্তাহ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। অন্যদিকে, আগামী ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারের দাম ১.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৫৬.৯০ ডলারে নেমে এসেছে।
গ্লোবাল ম্যাক্রো সংস্থা ‘টেস্টালাইভে’ প্রধান ইলিয়া স্পিভাক জানান, গত এক দিনে অপরিশোধিত তেলের দাম পুনরায় বৃদ্ধি পাওয়া মূল্যস্ফীতিকে তরান্বিত করেছে, যা স্বর্ণের বাজারে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। জ্বালানির উচ্চমূল্যের কারণে ফেডারেল রিজার্ভ নীতিগত সুদের হার দীর্ঘ সময় চড়া রাখতে পারে, যার ফলে সুদের সুবিধাহীন বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের আকর্ষণ হ্রাস পেয়েছে।
পাশাপাশি, এশিয়ার প্রযুক্তি-নির্ভর শেয়ারবাজারে বড় ধসের কারণে বিনিয়োগকারীরা নগদ অর্থের সংস্থান এবং মার্জিন কল মেটাতে স্বর্ণের থাকা অবস্থানগুলো বিক্রি করে দিচ্ছেন বলে জানান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার।
কঠোর আর্থিক নীতির আশঙ্কায় আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা গোল্ডম্যান স্যাক্স ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের সম্ভাব্য গড় মূল্যের পূর্বাভাস আগে নির্ধারিত ৪ হাজার ৬৫০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ১৫০ ডলারে পুনঃনির্ধারণ করেছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্যমতে, আগামী ডিসেম্বরে মার্কিন ফেড কর্তৃক সুদের হার পুনরায় বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে ৬৭ শতাংশে উন্নীত হয়েছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৫১.৪২ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০.৫ শতাংশ কমে ১ হাজার ৫০৯.১৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ কমে ১ হাজার ১৮.৯৯ ডলারে নেমেছে।

এনটিভি অনলাইন ডেস্ক