রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে বৈঠকে বসছেন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত এড়ানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে আজ সোমবার (৯ নভেম্বর) থেকে প্যারিসে দুই দিনের বৈঠকে বসছেন জি-৭ জোটের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
বৈঠকে ইউরোপের শক্তিশালী দেশগুলো ইউক্রেন যুদ্ধের একটি ন্যায্য সমাধানে যুক্তরাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো থেকে ওয়াশিংটনকে বিরত রাখার চেষ্টা করবে তারা। খবর বার্তা সংস্থা এএফপির।
বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশ—যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন। গত মার্চে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের মতো এবারও আলোচনায় প্রাধান্য পাবে একই ধরনের আন্তর্জাতিক উদ্বেগ ও সংকট।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর দেশ দুটির যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশের দিকে এগোচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পরাজিত হওয়ার পরও ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করেনি ওয়াশিংটন।
এবারের বৈঠকে বিশেষ নজর থাকবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর। তিনি বৈঠকের দুই দিনই উপস্থিত থাকবেন। তবে গত মার্চের বৈঠকে তিনি মাত্র এক দিন অংশ নিয়েছিলেন।
ফ্রান্সের জি-৭ সভাপতিত্বের মেয়াদে এটি অন্যতম শেষ গুরুত্বপূর্ণ আয়োজন। চলতি গ্রীষ্মে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে এভিয়াঁর হ্রদপাড়ের অবকাশকেন্দ্রে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
প্রাথমিকভাবে বৈঠকটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মার্সেইয়ে আয়োজনের কথা ছিল। তবে শেষ মুহূর্তে এটি প্যারিসে স্থানান্তর করা হয়। স্থান পরিবর্তনের কারণ হিসেবে শুধু সময়সূচিসংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত রুবিওর জন্য এটি হবে মধ্যবর্তী নির্বাচনের পর প্রথম বিদেশ সফর। ২০২৭ সালে ফ্রান্সের কাছ থেকে জি-৭-এর সভাপতিত্বের দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র।
‘ইউরোপের প্রতিনিধিরাও আলোচনায় থাকবেন’
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার ও বুধবার আবুধাবিতে আলোচনার কথা রয়েছে। একই সময়ে প্যারিসে জি-৭ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনকে যেন তার স্বার্থবিরোধী কোনো শর্ত মেনে নিতে বাধ্য করা না হয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো আরটিএল রেডিওকে বলেন, ‘এবার ইউরোপীয়রাও প্রতিনিধিত্ব করবে। এই আলোচনায় অংশ নিতে ফ্রান্স আবুধাবিতে থাকবে।’
রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ‘পুরো ইউরোপকে’অন্তর্ভুক্ত করে একটি ‘বড় ধরনের’চুক্তির সম্ভাবনার কথা বলে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নীতিতে রাশিয়ার প্রতি ঝুঁকে পড়ার আশঙ্কা তৈরি করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার বলেছেন, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পরিবেশ তৈরিতে সহায়ক একটি ‘বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তা কাঠামো’গড়ে তুলতে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে ইউরোপের দেশগুলো অতীতেও এ ধরনের প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছে।
ইরানের ক্ষেত্রেও নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নাকচ করেননি ট্রাম্প। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’নামে পরিচিত একটি স্থাপনা, যেটিকে সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা বলে মনে করা হয়। তবে তেহরান সেখানে এ ধরনের কোনো স্থাপনা থাকার কথা অস্বীকার করেছে।
অন্যদিকে, ইউরোপীয় দেশগুলো ইরান-সংক্রান্ত সংকটের সমাধান এবং জ্বালানি পরিবহণের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার ওপর গুরুত্ব দিচ্ছে। শুক্রবার ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা খুব জোরালোভাবেই একটি চুক্তি করতে চায়।’
জি-৭ বৈঠকের পাশাপাশি সোমবার ফ্রান্সের অর্থ মন্ত্রণালয় একটি দাতা সম্মেলনের আয়োজন করবে। এর উদ্দেশ্য ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিস্ফোরিত চুল্লিকে সুরক্ষিত রাখা গম্বুজটি মেরামতের জন্য অর্থ সংগ্রহ করা। গত বছর রাশিয়ার হামলায় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফ্রান্সের অর্থ মন্ত্রণালয় এএফপিকে জানিয়েছে, গম্বুজটি মেরামতে প্রায় ৫০ কোটি ইউরো প্রয়োজন। তবে এখন পর্যন্ত এর অর্ধেকের কিছু বেশি অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে। বাকি অর্থ ২০২৭ সালের বসন্তের মধ্যে সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৈঠকটি প্যারিসে সরিয়ে নেওয়া হলেও মার্সেইয়ে ১৪টি আন্তর্জাতিক বন্দরকে নিয়ে একটি নতুন নেটওয়ার্কের কার্যক্রম উদ্বোধন করা হবে। এসব বন্দর একসঙ্গে মাদক পাচার প্রতিরোধে কাজ করবে।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ব্যারো জানান, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মার্সেইয়ে মাদক পাচার বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনি ফল ও ফ্রান্সের বিক্ষোভ নিয়ে রুবিওর বক্তব্য
ফ্রান্সের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কো রুবিও। এ সময় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বড় পরাজয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্রে ক্ষমতার বিভাজন থাকা অস্বাভাবিক কিছু নয়।’ এ সময় তিনি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার বিষয়টির প্রতি ইঙ্গিত করেন।
ফ্রান্সে চলমান ব্যাপক বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে রুবিও বলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন নন। সেখানে দায়িত্ব পালনরত যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জানিয়েছেন, জি-৭ বৈঠকে যোগ দিতে ফ্রান্স সফর করা নিরাপদ। তাদের ওপর তার আস্থা রয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)