নিখুঁত চুক্তির অপেক্ষা নয়, সমাধানের দিকে এগোতে হবে : কাতার
মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাত এড়াতে এবং চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। তিনি সতর্ক করে বলেছেন, এই সংকট কোনোভাবেই ‘অমীমাংসিত রাখা যাবে না’।
স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি জানান, গত কয়েক সপ্তাহ ধরে আমরা মার্কিন প্রশাসনের সহকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং তা প্রশমিত করার ক্ষেত্রে তাদের অত্যন্ত আন্তরিক সদিচ্ছা রয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে জন্য মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তেহরানের কিছু বিচক্ষণ কণ্ঠস্বরের কল্যাণেও আমরা পরিস্থিতিকে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া থেকে রক্ষা করতে পেরেছি।
মার্কিন সম্পৃক্ততা সম্পর্কে কাতারের প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রশাসনের সঙ্গে মধ্যস্থতার প্রচেষ্টা সবসময়ই চলমান ছিল। নির্বাচনের ফলাফল ভবিষ্যতের নীতিতে প্রভাব ফেললেও তা মার্কিন সদিচ্ছাকে প্রভাবিত করে না উল্লেখ করে তিনি জানান, এমনকি নির্বাচনের পরেও সেই সদিচ্ছা রয়ে গেছে। সমাধানের দিকে পদক্ষেপ নেওয়ার আগ্রহ এখনও বিদ্যমান এবং আমরা এর ওপর ভিত্তি করেই কাজ চালিয়ে যাচ্ছি।
বাস্তবসম্মত আপসের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা কখনই একটি নিখুঁত শান্তি চুক্তি পাব না। তবে নিখুঁত চুক্তির জন্য অপেক্ষা করে আমাদের হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। বরং একটি ভালো চুক্তি অর্জনে এগিয়ে যেতে হবে।
কূটনৈতিক তৎপরতার বর্তমান গতিপ্রকৃতি প্রসঙ্গে তিনি জানান, আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, হয়তো এই মুহূর্তে তারা (যুক্তরাষ্ট্র) অন্য কিছু বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে। কিছুদিন আগে এটি যতটা সক্রিয় ছিল, এখন হয়তো ঠিক তেমনটি নয়। তবে তার দেশ এই সংকট সমাধানে কাজ থামাচ্ছে না এবং ভবিষ্যতেও থামবে না বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

এনটিভি অনলাইন ডেস্ক