বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একাধিক তেল ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত অষ্টম মাসে গড়ালে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার চরম ঝুঁকিতে আজও বিশ্ববাজারে তেলের দরবৃদ্ধি অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে আন্তর্জাতিক তেলের বাজারের এই চিত্র তুলে ধরা হয়েছে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় সকাল ৯টা ২৩ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ডাব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দর উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। আগামী ডিসেম্বরের সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেলপ্রতি ১.২০ ডলার বা ১.০৪ শতাংশ বেড়ে ১১৬.০৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৩৭ ডলার বা ১.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৩.৩৭ ডলারে।
চলতি অক্টোবর মাসজুড়ে তেলের দর বিশ্লেষণ করে বিশ্লেষকরা জানিয়েছেন, ব্রেন্ট ক্রুডের দাম এ মাসে সার্বিকভাবে প্রায় ১১ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম মাস শেষে প্রায় ১৪ শতাংশ লাফ দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর মাধ্যমে টানা চতুর্থ মাসের মতো বিশ্ববাজারে খনিজ তেলের দাম ঊর্ধ্বমুখী ধারায় মাস শেষ করতে যাচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একাধিক জাহাজে মাইনের আঘাত ও অগ্নিকাণ্ডের ফলে সামুদ্রিক পরিবহণ ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার খসড়া বা কূটনৈতিক উদ্যোগের খবর এলেও বাস্তবে সমুদ্রপথে নিরাপত্তা শঙ্কা কাটেনি। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে ঘাটতির আশঙ্কাই বিনিয়োগকারীদের মধ্যে প্রাধান্য পাচ্ছে এবং জ্বালানি তেলের বাজারে চড়া দাম বজায় রাখছে।

এনটিভি অনলাইন ডেস্ক