মার্কিন কূটনীতিকদের সৌদি ছাড়ার নির্দেশ
সৌদি আরবে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকি এবং সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে জরুরি নন এমন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারকে অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রয়টার্স ও এএফপির আন্তর্জাতিক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বুধবার (২৮ অক্টোবর) সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশনের প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, কর্মকর্তা ও তাদের স্বজনদের ঝুঁকি মূল্যায়নের পর গত ২৩ অক্টোবর থেকেই আনুষ্ঠানিকভাবে দেশত্যাগের নির্দেশ কার্যকর হয়েছে।
নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, ইয়েমেনের হুথি মিলিশিয়াদের অব্যাহত হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব হামলায় সাধারণ নাগরিক হতাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটছে। সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় কূটনীতিকদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া বর্তমান ঝুঁকি বিবেচনায় মার্কিন সরকারি কর্মচারীদের জন্য সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহারের ওপর বিশেষ কড়াকড়ি আরোপ করেছে ওয়াশিংটন। এখন থেকে বিশেষ অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো সরকারি কর্মকর্তা সৌদি আরবের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি ইয়েমেন সীমান্ত এলাকা এবং সংবেদনশীল শহরগুলোতে মার্কিন কূটনীতিকদের চলাচলেও বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক