মার্কিন নিষেধাজ্ঞার মুখে নতুন ওয়েবসাইটে স্থানান্তরিত ইরান এয়ার
মার্কিন যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞার মুখে পড়া ইরানের জাতীয় বিমান সংস্থা ‘ইরান এয়ার’ তাদের পূর্বের ডোমেইন ব্লক হওয়ার পর নতুন একটি ওয়েবসাইটে কার্যক্রম স্থানান্তর করতে বাধ্য হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে আলজাজিরা এ তথ্য জানানো হয়।
আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, ইরান এয়ারের পূর্বের ওয়েবসাইট ‘iranair.com’ ডোমেইনটি ব্লক করে দেওয়ায় বিমান সংস্থাটি তাদের নতুন অফিসিয়াল ডোমেইন ‘www.iranair.ir’-এ যাবতীয় কার্যক্রম স্থানান্তর করেছে। তবে ঠিক কবে বা কীভাবে আগের ডোমেইনটি ব্লক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইআরএনএ।
ইরানে ‘হোমা’ নামে পরিচিত এই ফ্ল্যাগশিপ ক্যারিয়ারটি বহু বছর ধরেই যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নানা বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার মুখে পরিচালনা চালিয়ে আসছে।
সম্প্রতি ইরানের বিমান শিল্পের ওপর মার্কিন প্রশাসন তাদের নিষেধাজ্ঞার পরিধি আরও ব্যাপক ও কঠোর করেছে। ওয়াশিংটনের তরফ থেকে কেবল ইরানি বিমানসংস্থাগুলোকেই নয়, বরং তাদের পুরো সাপ্লাই চেইন ও সার্বিক পরিচালনা কার্যক্রমকেও এই কঠোর নিষেধাজ্ঞার আওতায় আনার প্রচেষ্টা চালানো হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক