অভিজিৎ-ধ্রুব রাঠি আটকের পর আন্দোলনে নেতৃত্বে নেহা বোরা
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ডাকা মেগা বিক্ষোভের কেন্দ্রবিন্দু এখন দিল্লির জোরবাগ থেকে দিল্লি হাট-আইএনএ এলাকা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে পুলিশ আটক করার পর এবার আন্দোলনের মূল কাণ্ডারি হয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রনেত্রী নেহা বোরা। খবর টাইমস অব ইন্ডিয়া।
তার সঙ্গে এই প্রতিবাদ মিছিলে সরাসরি সংহতি জানিয়ে অংশ নিয়েছেন স্বনামধন্য রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব এবং জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণসহ শীর্ষ স্থানীয় একাধিক সামাজিক ও রাজনৈতিক নেতা। ‘দিল্লি হাট এখন নতুন যন্তরমন্তর’— এমন স্লোগানে রাজপথ মুখরিত করে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
এদিকে দিল্লির মধ্যভাগে আন্দোলনকারীদের জমায়েত রুখতে গোটা রাজধানী শহরকে কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে প্রশাসন। শহরজুড়ে ৩০টিরও বেশি স্থানে বসানো হয়েছে কড়া পুলিশি চেকপোস্ট ও ব্যারিকেড। এছাড়া গত শুক্রবার রাত ১০টা থেকে আজ শনিবার রাত ১০টা পর্যন্ত জনপথ ও কর্তব্যপথ ক্রসিংয়ের চার কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার অজুহাতে শহরের অন্তত ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখা হয়েছে।
দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ জানান, সিজেপি গত ৭ অক্টোবর বিক্ষোভের আবেদন জমা দিয়েছিল, যা ১০ কার্যদিবস আগে আবেদন করার নিয়মবহির্ভূত। পাশাপাশি পূর্ববর্তী আন্দোলনের সময় নির্দেশিকা না মানা এবং সার্বিক জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার কথা মাথায় রেখেই এই বিক্ষোভের অনুমতি বাতিল করা হয়েছে।
তবে পুলিশের এই দাবি প্রত্যাখ্যান করেছেন সিজেপির সহ-আহ্বায়ক সৌরভ দাস। তিনি অভিযোগ করে বলেন, "গত ২ অক্টোবর থেকেই প্রশাসন এই কর্মসূচির কথা জানত। তা ছাড়া সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সরকারের কাছ থেকেই অনুমতি নেওয়ার এই ঔপনিবেশিক মানসিকতা আর গ্রহণযোগ্য নয়।"
শীর্ষ নেতাদের আটকের পরও নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার মানুষের এই রাজপথ অবরোধ দিল্লির পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এর আগে দিল্লিতে পৌঁছার পরপরই উড়োজাহজ থেকে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং হরিয়ানার গুরগাঁওয়ের সেক্টর ৫৬-র বাসভবন থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক