স্বর্ণের দামে বড় পতন
শক্তিশালী মার্কিন ডলার ও চড়া সুদের ট্রেজারি বন্ডের প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দরপতন রোধ করা সম্ভব হয়নি। ফলে টানা এক সপ্তাহের ব্যবধানে আবারও সার্বিক দরপতনের পথে হাঁটছে মূল্যবান এই ধাতু। খবর রয়টার্সের।
স্থানীয় সময় শুক্রবার (২ অক্টোবর) স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে চার হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমে আসে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম কমার হার প্রায় ৩ দশমিক ৪ শতাংশ।
মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের অবস্থান চড়া থাকায় বাজার কিছুটা ধীরগতিতে এগোচ্ছে। তবে সেপ্টেম্বরের শুরুতে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছিল।
আর্থিক প্রতিষ্ঠান ‘মারেক্স’-এর বিশ্লেষক এডওয়ার্ড মিয়ার বলেন, সুদের হার আবার ঊর্ধ্বমুখী হলে স্বর্ণের দামে আরও বড় ধরনের পতন দেখা যেতে পারে।
এদিন আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার বা রূপার দাম ০ দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৬০ দশমিক ৩৬ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনাম ২ শতাংশ কমে এক হাজার ৬৯২ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়াম ০ দশমিক ৫ শতাংশ কমে এক হাজার ১৬৫ দশমিক ৭৫ ডলারে বিক্রি হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক