নবান্ন উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী মাছের মেলা
থরে থরে সাজানো নানান আকারের রুই, কাতলা, বোয়াল, পাঙ্গাস, মৃগেল, সিলভার কার্পসহ হরেক পদের মাছ। সারি সারি দোকান। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক আর দরদামে জমে উঠেছে ‘ঐতিহ্যবাহী মাছের মেলা’।
মেলায় এবার আমদানি হয়েছে—এক কেজি থেকে শুরু করে ২৭ কেজি ওজনের মাছ। জমজমাট এ মাছের মেলায় আসা নানা বয়সী মানুষ উৎসাহ নিয়ে ঘুরে ঘুরে মাছ দেখছে। কেউ বা দরদাম করে সাধ আর সাধ্যের সমন্বয় করে কিনছে তার পছন্দের মাছটি। এ চিত্র জয়পুরহাটের কালাই উপজেলার পৌর এলাকার পাঁচশিরা বাজারে।
নবান্ন উৎসবকে ঘিরে প্রতি বছরের ন্যায় আজ বুধবার সকাল থেকে বসেছে একদিনের এই ঐতিহ্যবাহী মাছের মেলা।
এ মেলায় উপজেলার বিভিন্ন গ্রাম ছাড়াও দূর-দূরান্তের বিভিন্ন এলাকার পুকুরে চাষ করা কয়েক হাজার মণ মাছের আমদানি হয়। ‘নবান্ন উৎসব’ উদযাপন উপলক্ষে এ এলাকার প্রায় প্রতিটি বাড়িতে মেয়েজামাইসহ আত্মীয়-স্বজনদের দাওয়াত করে এনে আপ্যায়ন করা হয়। আর তাদের খাওয়ানোর জন্য বড় আকারের মাছ কিনতে ভিড় জমে এ মাছের মেলায়।
স্থানীয়রা জানায়, আশপাশের প্রায় ৩০ গ্রামের মানুষ একদিনের এ মাছের মেলায় আসে বড় আকারের মাছ কিনতে।
এ মাছের মেলায় এবার এক কেজি থেকে সর্বোচ্চ ২৭ কেজি ওজনের মাছের আমদানি হলেও মাঝারি আকারের রুই, কাতলা, গ্রাস কার্প ও সিলভার কার্প মাছের দোকান বসেছে বেশি। দোকানগুলোতে তিন থেকে সর্বোচ্চ এক হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব মাছ। এর মধ্যে এ মেলায় ২৬ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায়। তবে ক্রয়-ক্ষমতার মধ্যে দাম হওয়ায় ৫ থেকে ১০ কেজি ওজনের বিভিন্ন জাতের মাছগুলোই বিক্রি হচ্ছে বেশি।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, ‘কালাইয়ের এই মাছের মেলা স্থানীয় ঐতিহ্যের প্রতীক। এমন আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে জীবন্ত রাখে। মেলায় প্রশাসনের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হচ্ছে।’
গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্যকে লালন করতে নবান্ন উৎসব ঘিরে এমন ঐতিহ্যবাহী মাছের মেলার আয়োজনে খুশি এলাকার সব শ্রেণির মানুষ। এ মাছের মেলাকে ঘিরে এখন এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট