বরিশালে দুই দিন ধরে জেলা জজ আদালতের বিচারক নিখোঁজ
বরিশালে জেলা জজ আদালতের এক সিভিল জজ গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার কথা থাকলেও তিনি সেখানে পৌঁছাননি। এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ বিচারকের নাম শেখ ফারহানা নাদীম। তিনি বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ হিসেবে কর্মরত আছেন।
বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস জানান, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের নিয়মিত কার্যক্রম শেষে বাসার উদ্দেশে রওনা হন বিচারক শেখ ফারহানা নাদীম। কিন্তু রাত গড়ালেও তিনি বাসায় না পৌঁছানোয় আদালতের নাজিরসহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা তার খোঁজ নিতে শুরু করেন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, আজ বুধবার দুপুর পর্যন্ত তিনি আদালত কিংবা নিজ বাসায় পৌঁছাননি। অফিসের নাজির কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা তার সন্ধানে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিচারক নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তার অবস্থান শনাক্ত ও সন্ধানে কাজ করছে। আইনি বিধি অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

আকতার ফারুক শাহিন, বরিশাল