ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি প্রতিবেশিরা : ফ্রান্সের প্রেসিডেন্ট
প্রতিবেশিরাই ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি একথা জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, গাজায় শান্তি অর্জিত হয়েছে—এমন দাবি করা হলেও অবরুদ্ধ এই উপত্যকায় এখনো মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত হয়নি। গাজার পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীর নিষ্ক্রিয়তার জন্য ‘আমাদের সবার লজ্জা হওয়া উচিত।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট এসব কথা বলেন।
জাতিসংঘের সাধারণ পরিষদে ম্যাক্রোঁ প্রশ্ন রাখেন, গাজা ইস্যুতে আমরা যদি নিষ্ক্রিয় থাকি, তবে আমাদের বিশ্বাসযোগ্যতার মূল্য কী?
গাজার পরিস্থিতিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সবারই লজ্জা হওয়া উচিত।’ এ সময় অধিবেশনে উপস্থিত সবাই তাকে করতালি দিয়ে সাধুবাদ জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে ম্যাক্রোঁ আরও বলেন, ফিলিস্তিনিদের ‘অস্তিত্বের’ বৈধ অধিকার নিশ্চিত করা ইসরায়েলের নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠার পূর্বশর্ত।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘যারা দাবি করেন—ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করা প্রয়োজন, তারা আসলে ইসরায়েলের নিরাপত্তাকেই দুর্বল করছেন। আজ ও ভবিষ্যতের জন্য তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি।’
ম্যাক্রোঁ ভাষণে উল্লেখ করেন, পশ্চিম তীরেও আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটছে, অথচ সেখানে হামাস কখনোই সক্রিয় ছিল না। আমাদের যা প্রয়োজন তা হলো ফিলিস্তিনিদের বৈধ অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা।

জাকের হোসেন, নিউইয়র্ক থেকে