জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৪৫ হাজার বাড়ি
জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২২ জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪৫ হাজার বাড়ি।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এএফপি।
টাইফুন দুজুয়ানের প্রভাবে ভারি বৃষ্টি, বন্যা ও ভূমিধসের মুখে পড়েছে দেশটি। শক্তিশালী এ ঝড়ের কারণে অন্তত ১৬ লাখ মানুষকে এলাকা ছেড়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
গতকাল সোমবার টাইফুন দুজুয়ান ঘণ্টায় ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) সর্বোচ্চ বাতাসের বেগ নিয়ে টোকিওর নিকটবর্তী কাৎসুউরার ১৩০ কিলোমিটার দক্ষিণাঞ্চল দিয়ে স্থলে উঠে আসে।
টাইফুনের প্রভাবে অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইন্সের (জেএএল) প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি কিছু রেল ও সড়ক পরিষেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক