৭ হাজার মিটার উঁচু থেকে পর্বতারোহী চিকিৎসক আসমার মরদেহ উদ্ধার
কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু স্পান্টিক পর্বত থেকে নামার সময় প্রাণ হারানো পাকিস্তানি পর্বতারোহী ও চিকিৎসক ড. আসমা মুশতাকের মরদেহ শেষ পর্যন্ত স্পান্টিক বেস ক্যাম্প থেকে হেলিকপ্টারে করে স্কর্দুতে নেওয়া হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বুধবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।
তথ্যমন্ত্রী জানান, অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের পর ড. আসমা মুশতাকের মরদেহ স্পান্টিক বেস ক্যাম্প থেকে স্কর্দুতে আনা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে পরবর্তী ফ্লাইটে মরদেহটি লাহোরে পাঠানো হবে। তিনি উদ্ধার কাজে নিয়োজিত এফসিএনএ, অরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিম এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
গত ২০ আগস্ট স্পান্টিক পাহাড় জয় করে নামার সময় ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় উচ্চতাজনিত শারীরিক জটিলতায় (হাই-অল্টিটিউড সিকনেস) আক্রান্ত হয়ে মারা যান ৩৪ বছর বয়সী এই চিকিৎসক ও পর্বতপ্রেমী। তীব্র তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার তার মরদেহ উদ্ধারের চেষ্টা ব্যাহত হয়।
পরবর্তীতে অরান্দু ভলান্টিয়ার রেসকিউ টিমের পর্বতারোহীরা জীবনের ঝুঁকি নিয়ে ৬ হাজার ২০০ মিটারের বেশি উচ্চতা থেকে মরদেহ উদ্ধার করে বেস ক্যাম্পে নিয়ে আসেন। আবহাওয়া অনুকূলে আসলে গত সোমবার হেলিকপ্টারে করে মরদেহে স্কর্দুতে নেওয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক