শাকিলের মাউন্ট এলব্রুস জয়ের রোমহর্ষক গল্প ৫ নভেম্বর
ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ও সুপ্ত আগ্নেয়গিরি মাউন্ট এলব্রুস জয় করে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ এক্সপেডিশনের সফল সমাপ্তি উদ্যাপন এবং এই অভিযানের অভিজ্ঞতা তুলে ধরতে ঢাকায় আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলন, পতাকা উত্তোলন অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন।
আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান হাউসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সম্পাদক সাদিয়া সুলতানা জানিয়েছেন, অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয়, আইইউসিএন ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের জাতীয় কমিটির চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আবদুর রহমান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার এমডি তাজদিন হাসান, আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার শিমান্ত ডিপু এবং জেডএপির সম্পাদকীয় পরামর্শক আকিব সাফওয়ান জাসের।

ফিচার ডেস্ক