টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, ৫৭ জনকে উদ্ধার
কক্সবাজারের টেকনাফে লেদা নুরালীপাড়া পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনায় সেনাবাহিনীর এক সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। এ সময় তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসীদের আস্তানা থেকে এ সময় ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সমুদ্র পথে পাচারের জন্য রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে সেনাবাহিনী-পুলিশ-এপিবিএন-বিজিবি-এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান চালায়।
বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার বলেন, পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। অভিযানে অস্ত্র উদ্ধার ও তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারের জন্য রাখা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে আইএসপিআরের দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় বলা হয়, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে বিপুল মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা—এমন তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকায় যৌথ বাহিনী তাদের উদ্ধারে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার