গুরুদাসপুরে এমপির সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
নাটোরের গুরুদাসপুরে আলোচিত বিএনপিদলীয় এমপি আব্দুল আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কিছু সময় বন্ধ থাকার পর আবারও শুরু হয় সমাবেশ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে পাইলট স্কুল মাঠে সমাবেশের আয়োজন করা হয়। পরে বিকেল ৪টার দিকে হঠাৎ মাঠের মাঝখানে কালো টেপ মোড়ানো গোলাকার বস্তু দেখে উপস্থিত লোকজনের মাঝে সন্দেহ হলে তারা পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রেখে থানায় নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষার পর সেটি কী তা জানা যাবে বলে জানান ওসি।
ছাত্রদলনেতা শাকিল হত্যায় এমপির ছেলের আটকসহ পরবর্তী বিভিন্ন ঘটনায় এমপি আব্দুল আজিজকে নিয়ে তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা।

হালিম খান, নাটোর