লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতা তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বৈশ্বিক শেয়ারবাজারের সূচকগুলো ছিল মূলত নিম্নমুখী।
বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ৬৪ ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষক সংস্থা এক্সটিবির গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকস জানান, তেলের চড়া দামের কারণে পুরো বাজারজুড়ে অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারের পাশাপাশি মার্কিন ইক্যুইটি ফিউচারসে।
টোকিও শেয়ারবাজারে নিক্কেই ২২৫ সূচক এক দশমিক সাত শতাংশ কমে ৬৬ হাজার ২৬৯ দশমিক ৩৩ পয়েন্টে নেমেছে, যা বিশ্ববাজারের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। ব্যাংক অব জাপান সুদের হার বাড়াতে পারে- এমন গুঞ্জনে জাপানি মুদ্রা ইয়েনের মান বেড়ে যাওয়ায় দেশটির রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বড় ধাক্কা খেয়েছে।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা তেলের বাজারকে আরও অনিশ্চিত করে তুলেছে। মঙ্গলবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মার্কিন মিত্র সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা চালানোয় দেশটির বেশ কয়েকটি কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দরবৃদ্ধির পাশাপাশি গাড়িচালকদের সংগঠন এএএ-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম নতুন রেকর্ড গড়েছে। তেলের এই মূল্যবৃদ্ধি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ (ফেড)-এর ওপর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাড়তি চাপ তৈরি করছে।
আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের কথা রয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ব্যবসায়ীরা চলতি মাসেই ফেডের সুদের হার বাড়ানোর জোরালো সম্ভাবনা দেখছেন।
এদিকে আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে শুল্ক যুদ্ধও তীব্র রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের যুক্তরাষ্ট্রে ব্যবসা আটকে দেওয়ার হুমকি দিয়েছেন। এর জবাবে কানাডা সরকারের পক্ষ থেকেও শত শত কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ আজ থেকে কার্যকর হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক