স্বর্ণের দামে বড় লাফ, যে দামে মিলছে এক ভরি
দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে তিন হাজার ৩২৪ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।
বুধবার (২ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আজ দুপুর থেকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩৩ টাকা।
মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এনটিভি অনলাইন ডেস্ক