সুদের হার বাড়ানোর শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি সপ্তাহেই সুদের হার বাড়াতে পারে- এমন জোরালো প্রত্যাশা ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন ঘটেছে। সোমবার ৯১৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ২৯৬ দশমিক ৬৮ ডলারে নেমে এসেছে। খবর রয়টার্সের।
আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএস -এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো জানান, আগস্টে প্রকাশিত ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ও তেলের দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতি সংক্রান্ত উদ্বেগ বাড়িয়েছে। এর ফলে ফেড সুদের হার বাড়ানোর কঠোর নীতিতেই অনড় থাকতে পারে বলে ধরে নিচ্ছে বাজার।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের নীতি-নির্ধারণী বৈঠকে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮৯ শতাংশে পৌঁছেছে; যা আগের সপ্তাহে মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের আগে ছিল মাত্র ৬৭ শতাংশ।
গোল্ডম্যান স্যাকস ও এইচএসবিসির মতো শীর্ষ বৈশ্বিক ব্যাংকগুলোর ধারণা, মঙ্গল ও বুধবারের নীতি-নির্ধারণী বৈঠকে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে।
সাধারণত স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হলেও, সুদের হার বাড়লে লভ্যাংশহীন এই মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমে যায়।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও উপসাগরীয় অঞ্চলে তেলের জাহাজে হামলার জেরে সরবরাহ শঙ্কার কারণে সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ২ দশমিক ২ শতাংশ কমে আউন্স প্রতি ৬৩ দশমিক ১১ ডলার, প্লাটিনাম ১ দশমিক ৩ শতাংশ কমে এক হাজার ৭৭২ দশমিক ৪৭ ডলার ও প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ কমে এক হাজার ২৮৮ দশমিক ৬৭ ডলারে নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক