পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভের পথে মার্কিন প্রতিনিধি দল
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে রওনা হয়েছে মার্কিন প্রতিনিধি দল।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনে একই রকম ফলপ্রসূ বৈঠকের আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
হোয়াইট হাউস জানায়, গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকে ‘পরবর্তী পদক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা’ নিয়ে আলোচনা করেছেন। পরে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে রওনা হন।
বিবিসি বলছে, পরিকল্পনাগুলো ঠিক কী তা এখনও স্পষ্ট নয়। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা গতি পাওয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে ঘোষণা আসতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই আলোচকের এটাই হবে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথম সফর। এর মধ্যে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজ নিজ দেশের রাজধানীতে তিন দিন একে অপরের ওপর হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন।
উইটকফ ও কুশনার যখন ক্রেমলিনে বৈঠক করছিলেন, তখন জেলেনস্কি বলেন, তিনি ‘গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে’ প্রস্তুত।
রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৈঠকটি তিন ঘণ্টাব্যাপী হয়েছে। রুশ রাজধানীর কেন্দ্রস্থলে পুতিনের সরকারি বাসভবনে রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এনটিভি অনলাইন ডেস্ক