মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
মেক্সিকোর দক্ষিণাঞ্চল ও মধ্য আমেরিকার বেশকিছু এলাকায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শুক্রবার (১৭ জুলাই) ভূমিকম্প অনুভূত হওয়ার এ খবর দিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
এএফপি-র সাংবাদিকদের তথ্যানুযায়ী, মেক্সিকোর চিয়াপাস ও ওক্সাকা অঙ্গরাজ্যসহ গুয়াতেমালা এবং এল সালভাদরের বাসিন্দারা তীব্র ভূকম্পন অনুভব করেছেন। এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো হতাহতের খবর জানায়নি। ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি বিস্তীর্ণ অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর আকিলিস সের্দান শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৮ কিলোমিটার।
চিয়াপাস অঙ্গরাজ্যের রাজধানী তুলা গুতিয়ারেজে থাকা এএফপি-র এক সাংবাদিক জানিয়েছেন, ভূমিকম্পের সময় শহরের বেশ কিছু বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার মেক্সিকোর প্রেসিডেন্টের সংবাদ সম্মেলন শেষে নৌবাহিনীর সেক্রেটারি রাইমুন্ডো মোরালেস বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সমুদ্র সৈকত থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক