ট্রাম্পের ‘দূরদর্শী নেতৃত্বের’ প্রশংসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা শুরুর পটভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সুইজারল্যান্ডে চলমান এই কূটনৈতিক আসরে ট্রাম্পের ‘দূরদর্শী এবং অত্যন্ত গতিশীল নেতৃত্বের’ জন্য তাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আজ রোবাবর (২১ জুন) সুইজারল্যান্ডের বৈঠকস্থলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহবাজ শরিফ বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সেই দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যার সুনির্দিষ্ট ফল হিসেবে আজ আমরা সবাই এখানে এক টেবিলে বসতে পেরেছি। মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে এই আলোচনার ইতিবাচক প্রভাব নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।
শাহবাজ শরিফ আরও বলেন, আমার বিশ্বাস, এখানে আমাদের মধ্যে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা হতে যাচ্ছে। আমি অত্যন্ত আশাবাদী যে, এই আলোচনা আগামী দিনগুলোতে একটি অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক পরিণতির দিকে এগিয়ে যাবে।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, বিগত কয়েক ঘণ্টায় দুই দেশের মধ্যে ‘অসাধারণ’ অগ্রগতি হয়েছে। তবে আলোচনার টেবিলে ইতিবাচক পরিবেশ থাকলেও ইরানকে ঢালাওভাবে ছাড় দেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি এখনও ইরানকে ‘আঞ্চলিক অস্থিতিশীলতার অন্যতম প্রধান চালিকাশক্তি’ হিসেবে উল্লেখ করে এর দায় তেহরানের ওপর চাপান। তবে একই সঙ্গে তিনি যোগ করেন, বর্তমান পরিস্থিতি দুই দেশকে এমন এক ভবিষ্যতের মুখোমুখি করেছে যেখানে সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারবে।

এনটিভি অনলাইন ডেস্ক