‘আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদীকে বললেন মেলোনি
ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ-এ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ, ইউক্রেনকে সমর্থন ও যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ঐতিহাসিক চুক্তি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন জি-৭ জোটের শীর্ষ নেতারা। তবে এই বিশ্বমঞ্চের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার সংক্ষিপ্ত ও সাবলীল কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ‘মেলোডি’ ঝড়ের সৃষ্টি করেছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে গ্রুপ ছবির জন্য লাইনে দাঁড়ানোর ঠিক আগমুহূর্তে মোদি ও মেলোনি একে অপরকে অভিবাদন জানান এবং করমর্দন করেন। ভিডিওর অডিও খুব একটা পরিষ্কার না হলেও, সেখানে প্রধানমন্ত্রী মোদিকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা নিয়ে মেলোনিকে কিছু একটা বলতে দেখা যায়।
এর জবাবে ইতালির প্রধানমন্ত্রী হাসিমুখে বলেন, ‘হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি!’
আরও পড়ুন : বিশ্বমঞ্চে জেলেনস্কি-মেলোনির ‘অস্বস্তিকর’ মুহূর্ত ভাইরাল
এই ঘটনার মাত্র এক মাস আগে রোম সফরের সময় প্রধানমন্ত্রী মোদি ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ভারতের সুপরিচিত ‘পার্লে মেলোডি’ চকলেটের প্যাকেট উপহার দিয়েছিলেন, যা ইন্টারনেটে ভাইরাল ‘মেলোডি’ শব্দের সঙ্গে এক চমৎকার মেলবন্ধন তৈরি করে। মোদির এই মিষ্টি উপহারের ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মেলোনি লিখেছিলেন, উপহারের জন্য ধন্যবাদ।
তখন ভিডিওটিতে দুই নেতাকেই হাসতে দেখা যায়। ক্লিপটিতে মেলোনিকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদি উপহার হিসেবে খুব খুব ভালো একটি টফি এনেছেন। পাশ থেকে মোদি যোগ করেন, মেলোডি।
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী মোদির নামের শেষাংশ মিলিয়ে ২০২৩ সালের দ্বিপাক্ষিক বৈঠকের পর ইন্টারনেট ব্যবহারকারীরা ‘মেলোডি’ শব্দটির জন্ম দেন। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে এই দুই নেতার স্বতঃস্ফূর্ত ও উষ্ণ বন্ধুত্বের মুহূর্তগুলো নিয়ে তৈরি মিম ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি কোটি বার দেখা হয়েছে। ২০২৪ সালে মোদির সঙ্গে একটি সেলফি পোস্ট করে মেলোনি প্রথম লিখেছিলেন, হাই ফ্রেন্ডস, ফ্রম মেলোডি। এরপর ২০২৫ সালের জুন মাসে জি-৭ সম্মেলনের আরেকটি সেলফি ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, হ্যালো, ফ্রম দ্য মেলোডি টিম।
তবে মোদি-মেলোনির এই রসায়ন কেবল ক্যামেরার সামনেই সীমাবদ্ধ নয়; এটি মূলত দুই দেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইতালি বর্তমানে ভারতের অন্যতম প্রধান বৈশ্বিক অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। দুই দেশই ‘ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ বাস্তবায়নে একসঙ্গে কাজ করছে, যা রোমকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করবে। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৬.৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গত মাসেও মোদি তার পাঁচ দেশ সফরের শেষ দিকে মেলোনির আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনের পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গভীর আলোচনা করেন।
সূত্র এনডিটিভি

এনটিভি অনলাইন ডেস্ক