প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন : ইসি সচিব
স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ভোট হবে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি)। রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা জানান ইসির সিনিয়র সচিব।
আখতার আহমেদ জানান, মেয়াদ উত্তীর্ণ ইউনিয়নগুলোতে আগে নির্বাচন হবে। এ ছাড়া ছয় বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। প্রাথমিক শিক্ষায় ঢোকার সময় দেওয়া তথ্যগুলো নিয়ে ডেটাবেস তৈরি করা হবে।
ইসি সচিব আরও বলেন, এবারে নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। কমিশনের মজুত ইভিএমগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তবে কি পদ্ধতিতে নিষ্ক্রিয় করা হবে সে বিষয়ে সুপারিশ এখনও পাওয়া যায়নি।
এর আগে ইসি জানিয়েছিল, পাঁচ ধাপের ইউপি নির্বাচন আগামী বছরের ২১ জানুয়ারি থেকে শুরু হবে। নির্বাচনের ছয় সপ্তাহ আগে তাফসিল ঘোষণার কথা রয়েছে।
আখতার আহমেদ বলেন, বেশ কিছু ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর বেশ কিছু নির্বাচনের মেয়াদের আওতাধীন আসছে। নির্বাচন সাইকেলের ভিতরে চলে আসছে। এক নির্বাচন থেকে আরেক নির্বাচনের মধ্যে পাঁচ বছরের গ্যাপ। কিন্তু পাঁচ বছর পূর্ণ হওয়ার ছয় মাস আগে থেকে ইলেকশন সাইকেলে চলে আসে। আমরা এই বিবেচনায় নিয়ে মোটামুটিভাবে প্রথম ধাপটা কমপ্লিট করছি।

এনটিভি অনলাইন ডেস্ক