ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলার হাতে গুনলে কত বছর লাগবে?
সম্প্রতি মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের আইপিও (শেয়ার) চালুর পর বিশ্ব অর্থনীতিতে এক অবিশ্বাস্য ইতিহাস গড়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ বা লাখো কোটিপতি হিসেবে নাম লিখিয়েছেন তিনি। রয়টার্সের হিসাব অনুযায়ী, বর্তমানে তার সম্পদের পরিমাণ ১.১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
মাস্কের এই পর্বতসম সম্পদের খবর চাউর হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সাধারণ মানুষের মনে একটি অদ্ভুত ও মজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আচ্ছা, এই ১ ট্রিলিয়ন ডলার যদি নগদ টাকায় হাতে গুনতে দেওয়া হয়, তবে একজন মানুষের ঠিক কতদিন সময় লাগতে পারে? আপাতদৃষ্টিতে সাধারণ হিসাব মনে হলেও, এর গাণিতিক উত্তরটি রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো।
আরও পড়ুন : কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক?
বর্তমান বাজার দর অনুযায়ী, এক ট্রিলিয়ন মার্কিন ডলার সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ লাখ কোটি টাকা। বাংলাদেশে প্রচলিত সবচেয়ে বড় নোটটি হলো এক হাজার টাকার নোট। সেই হিসেবে এই বিশাল অংকের টাকা যদি বাংলাদেশি এক হাজার টাকার নোটে রূপান্তর করা হয়, তবে মোট নোটের সংখ্যা দাঁড়াবে ১২ হাজার ২০০ কোটিটি!
এবার আসা যাক গণনার মূল হিসাবে। একজন মানুষ যদি কোনো প্রকার ক্লান্তি ছাড়া, খাওয়া-দাওয়া এবং ঘুমের মতো অতি প্রয়োজনীয় বিরতি না নিয়ে—দিন-রাত ২৪ ঘণ্টা একটানা নোট গুনতে থাকেন, তবে তার পক্ষে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ একটি নোট গোনা সম্ভব। এই গতিতে কোনো বিরতিহীনভাবে যদি ১২ হাজার ২০০ কোটিটি এক হাজার টাকার নোট গোনা শুরু করা হয়, তবে সেই গণনা শেষ করতে সময় লাগবে প্রায় ৩ হাজার ৮৬৪ বছর।
অর্থাৎ, আজ থেকে কেউ যদি এক ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ টাকা গুনতে বসেন, তবে তার বহু প্রজন্ম পার হয়ে গেলেও টাকা গোনা শেষ হবে না। যিশু খ্রিস্টের জন্মের প্রায় ১ হাজার ৮০০ বছর আগে, অর্থাৎ ব্রোঞ্জ যুগের আদিম কোনো মানুষ যদি তখন থেকে টাকা গোনা শুরু করতেন, তবে আজ ২০২৬ সালে এসে তার সেই গণনা শেষ হতো। ইলন মাস্কের এই অবিশ্বাস্য সম্পদ মূলত কাগজে-কলমে ও ডিজিটাল শেয়ার বাজারে থাকলেও, নগদ টাকার এই হিসাবটি প্রমাণ করে সাধারণ মানুষের কল্পনার চেয়েও কত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন এই প্রযুক্তি সম্রাট।

এনটিভি অনলাইন ডেস্ক