ইরানের পর ‘হামলা বন্ধ করার’ ঘোষণা দিয়েছে ইসরায়েলও
সাময়িকভাবে হামলা বন্ধ করতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র চাপ ও মধ্যস্থতার পর দুই দেশই ‘আপাতত’ শান্ত থাকার ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সময় সোমবার (৮ জুন) রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন, তার দেশ ‘এই মুহূর্তে‘ হামলা স্থগিত রেখেছে। তবে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। খবর বিবিসির।
নেতানিয়াহুর এই বিবৃতির কয়েক ঘণ্টা আগেই ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছিল, ইসরায়েলকে ‘খুবই বেদনাদায়ক জবাব‘ দেওয়ার পর তারা আপাতত তাদের সামরিক অভিযান বন্ধ করেছে। তবে ইসরায়েল যদি লেবাননসহ কোথাও পুনরায় হামলা চালায়, তবে এর চেয়েও ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক পদক্ষেপ‘ নেওয়া হবে।
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার প্রতিশোধ হিসেবে গত রোববার (৭ জুন) ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র বর্ষণ করে ইরান। এর জবাবে সোমবার ভোরে ইরানের অভ্যন্তরে বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলের দ্বিতীয় দফার বিমান হামলায় দক্ষিণ-পশ্চিম ইরানের মাহশহর শহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলায় মাহশহরে ১৪ জন এবং তেহরানে ১ জন আহত হয়েছেন। একই দিনে লেবাননের টায়ার শহরে ইসরায়েলি হামলায় ৫ জন নিহত ও ৮ জন আহত হন। যাদের মধ্যে রেড ক্রসের ৪ জন উদ্ধারকর্মী রয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে হিজবুল্লাহও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বহর লক্ষ্য করে রকেট হামলা চালায়। সোমবার সকালে জেরুজালেম ও মধ্য ইসরায়েল লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে‘ দুই দেশকে অবিলম্বে ‘গোলাগুলি বন্ধ’ করার আহ্বান জানান। তিনি লেখেন, ইসরায়েল ও ইরান তাৎক্ষণিক যুদ্ধবিরতির অপেক্ষায় আছে। শান্তি প্রতিষ্ঠার চূড়ান্ত আলোচনা চলছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে সাফ জানিয়ে দিয়েছেন যে এবার ইরানের সঙ্গে যুদ্ধ না থামালে ইসরায়েলকে সম্পূর্ণ একা লড়তে হতে পারে।
ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, বিবি (নেতানিয়াহু), তোমাকে সতর্ক হতে হবে, অন্যথায় খুব শিগগিরই তুমি সম্পূর্ণ একাকী হয়ে পড়বে।
এছাড়া ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে ট্রাম্প কিছুটা অহংকার প্রকাশ করে বলেন, সব সিদ্ধান্ত আমি নিই, সে (নেতানিয়াহু) নয়। আমি তাকে কিছু করতে বললে সে সেটাই করে।
তবে সোমবার ট্রাম্পের এই যুদ্ধবিরতির চাপের জবাবে নেতানিয়াহু টেলিভিশন বার্তায় বলেন, আমি ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছি, নিজের আত্মরক্ষার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে। প্রয়োজন অনুযায়ী আমরা তা প্রয়োগ করছি।

এনটিভি অনলাইন ডেস্ক