পাকিস্তানে নির্মাণাধীন ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নির্মাণাধীন একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। রোববার (২৯ নভেম্বর) দেশটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর থেকে সেখানে উদ্ধার তৎপরতা ও ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এএফপিকে বলেন, গত বুধবার (২৫ নভেম্বর) করাচির বালোচ কলোনি এলাকায় ভবনটি ধসে পড়ে। এরপর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করেন। এ ছাড়া এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওই মুখপাত্র আরও বলেন, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে ধ্বংসস্তূপ সরানোর কাজও অব্যাহত রয়েছে।
ভবনটি ধসে পড়ার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের আরও কয়েকটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ভবনধসের ঘটনা প্রায়ই ঘটে। মূলত ভবন নির্মাণে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
দুই কোটিরও বেশি মানুষের বসবাস করাচি শহরে অপরিকল্পিত ও নিম্নমানের ভবন নির্মাণ, অনুমোদনহীনভাবে ভবনের সম্প্রসারণ, অবকাঠামোর জরাজীর্ণ অবস্থা, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না করার সমস্যা দীর্ঘদিনের।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জন নিহত হন। এ ছাড়া গত বছরের জুলাইয়ে শহরের দরিদ্র অধ্যুষিত লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

এনটিভি অনলাইন ডেস্ক