ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি আরব
পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সৌদি আরব। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যেতে পারে। সে হিসেবে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজের।
প্রতিষ্ঠানটি বলেছে, বিশ্বের বিভিন্ন ইসলামি দেশে ২০২৬ সালের ১৭ মে (রোববার) জিলহজ মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হবে। ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।
এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অধিকাংশ অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ১৮ মে (সোমবার) হবে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে ২৭ মে (বুধবার) অধিকাংশ ইসলামি দেশে ঈদুল আজহা পালিত হতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক