কমার পর বাড়ল স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়ে আবারও চাঙ্গা হয়ে উঠেছে। দিনের শুরুতেই দাম কিছুটা কমলেও অস্থির লেনদেনের মাঝে শেষ পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির খবরের অপেক্ষায় বিনিয়োগকারীরা এখন বেশ সতর্ক অবস্থানে আছেন। এ কারণে বাজারের এই অস্থিরতা স্বর্ণের দামে নতুন মোড় এনে দিয়েছে। খবর রয়টার্সের।
সোমবার দিনের শুরুতে ১ শতাংশের বেশি দরপতন হলেও পরবর্তীতে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৩০ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে; যার মধ্যে রুপার দাম ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ ও প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্বর্ণের এই দাম বাড়ার পেছনে কয়েকটি প্রধান কারণ কাজ করছে। বিনিয়োগকারীরা চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রাইস ইনডেক্স এবং প্রোডিউসার প্রাইস ইনডেক্স -এর তথ্যের জন্য অপেক্ষা করছেন। সে অনুযায়ী বাজারে নিজেদের অবস্থান তৈরি করছেন। এছাড়া ভূ-রাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরানের শান্তি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালি অচল থাকার আশঙ্কায় তেলের দাম বৃদ্ধির পাশাপাশি নিরাপদ বিনিয়োগ বা ‘সেফ হ্যাভেন’ হিসেবে স্বর্ণের চাহিদাও বাড়ছে। অন্যদিকে, ২০২৬ সালে মার্কিন সুদের হার কমানো নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে দ্বিধাবিভক্তি স্বর্ণের বাজারে এক ধরনের অনিশ্চয়তা ও আকর্ষণ তৈরি করেছে।
চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর বিশ্ববাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তিনি শি জিনপিংয়ের সঙ্গে ইরান, পারমাণবিক অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করবেন। এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় দেশবাসীকে এক বছরের জন্য স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ভোক্তা দেশ ভারতে গহনা বিক্রেতাদের শেয়ারের বড় দরপতন হয়েছে, যা সামগ্রিক স্বর্ণের বাজারে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতির এই টালমাটাল অবস্থায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম আগামী কয়েক দিন বেশ অস্থিতিশীল থাকতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক