স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। গত ১৩ দিনে সপ্তমবারের মতো দাম কমানোর ফলে প্রতি ভরি স্বর্ণের দাম মোট ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় গহনার দাম সমন্বয় করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, বুধবারও ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। এর আগে ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। সব মিলিয়ে গত ১৩ দিনে সাত দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা।
বাজুসের হালনাগাদ মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমে হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা। আর সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
এদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৭৪১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)