বিশ্ব বাজারে স্বর্ণের দাম কমল
আন্তর্জাতিক বাজারে আজ সোমবার (১১ মে) স্বর্ণের দাম ১ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এখনও অমীমাংসিত রয়ে গেছে। এতে জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে মুদ্রাস্ফীতি এবং দীর্ঘস্থায়ী উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ বেড়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা ৫২ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৭ দশমিক ৯৯ ডলার। আগামী জুনে ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৬৭৭ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।
তবে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার গ্রাহকদের জন্য স্বর্ণের বার আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার যুদ্ধের অবসানে দেওয়া প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইরানের জবাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, তেহরানের দাবিগুলো ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, মুদ্রাস্ফীতির ঝুঁকি এখনও বাজারের পরিস্থিতির ওপর গভীর ছাপ ফেলছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনের প্রচেষ্টা অচলাবস্থায় পৌঁছেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপে স্বর্ণের দাম ১১ শতাংশের বেশি কমে গেছে। অপরিশোধিত জ্বালানি তেলের উচ্চ মূল্য মুদ্রাস্ফীতিকে উসকে দিতে পারে, যা সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে তোলে। যদিও স্বর্ণকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি প্রতিষেধক হিসেবে দেখা হয়, উচ্চ সুদের হার এই অনুৎপাদনশীল সম্পদটির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
এদিকে, প্রতি আউন্স স্পট সিলভারের দাম ৮০ দশমিক ৩৪ ডলারে অপরিবর্তিত রয়েছে, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ২ হাজার ২২ দশমিক ৯৩ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৫ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক