মন্দিরের আদলে প্রস্তুত শুভেন্দুর শপথগ্রহণের মঞ্চ
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে গোটা কলকাতা জুড়ে সাজ সাজ রব। আজ শনিবার (৯ মে) বেলা ১১টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই ঐতিহাসিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এই আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হলো শপথগ্রহণের বিশাল মঞ্চ, যা তৈরি করা হয়েছে দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরের আদলে।
মঞ্চের সাজসজ্জায় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক মেলবন্ধন দেখা গেছে। মূল মঞ্চে মা কালী ও মা দুর্গার ছবির পাশাপাশি গঙ্গাসাগরের সাধুদের ছবিও স্থান পেয়েছে। আজ ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী হওয়ায় শপথস্থলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আলাদাভাবে সম্মান জানানো হচ্ছে। আবহ সংগীত হিসেবে বাজছে রবীন্দ্রসঙ্গীত।
আরও পড়ুন : দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীপথে বিশেষ বার্তা
আরও পড়ুন : দেশে পৌঁছেছে বৃষ্টির মরদেহ, শায়িত হবেন দাদা-দাদির পাশে
এই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে রেসকোর্সে নামার পর সেখান থেকে সরাসরি ব্রিগেডের এই সুসজ্জিত মঞ্চে পৌঁছাবেন। এছাড়া বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই বিশেষ আয়োজনে অংশ নিতে পারেন।
শুভেন্দু অধিকারীর এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিয়ালদহ ও হাওড়া স্টেশনে সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কেউ পদ্মফুল, আবার কেউ দলীয় পতাকা হাতে দূর-দূরান্তের জেলা থেকে ব্রিগেডে আসছেন এই ক্ষণের সাক্ষী হতে। অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। গোটা মাঠকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার

এনটিভি অনলাইন ডেস্ক