সামাজিকমাধ্যমে পরিচয় বদলালেন শুভেন্দু, কৌশলী মমতা
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের চূড়ান্ত প্রতিফলন এবার দেখা গেল সামাজিক যোগাযোগমাধ্যমেও। আজ শনিবার (৯ মে) তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নিজের পরিচয় পরিমার্জন করেছেন। অন্যদিকে, শপথগ্রহণের পরপরই শুভেন্দু অধিকারী তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ পরিচয়টি যুক্ত করেছেন।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেননি। তবে নতুন পরিচয়ে তিনি ‘প্রাক্তন’ শব্দটি সচেতনভাবে এড়িয়ে গিয়েছেন। তার সংশোধিত পরিচয় এখন— ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (পঞ্চদশ, ষোড়শ এবং সপ্তদশ বিধানসভা)’। এর মাধ্যমে তিনি নিজের তিনটি কার্যকালের মেয়াদকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন : জানা গেল দেশের আকাশে ‘রহস্যময় আলোর’ আসল কারণ
আরও পড়ুন : ভাঙল ৬২ বছরের প্রথা, যে কারণে আটকে আছে থালাপতির শপথ
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূলের পরাজয় ঘটলেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রথা মেনে ইস্তফা দেননি। ৭ মে পর্যন্ত তার সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল। ওই রাতেই রাজ্যপাল সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন। এর ফলে বিধানসভার অস্তিত্ব বিলুপ্ত হলেও শনিবার সকাল পর্যন্ত মমতা নিজেকে ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী’ হিসেবেই পরিচয় দিচ্ছিলেন। তবে শুভেন্দুর শপথগ্রহণের পর বেলা গড়াতেই সেই চিত্র বদলে যায়।
এবারের নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। যেখানে বিদায়ী শাসকদল তৃণমূল পেয়েছে মাত্র ৮০টি আসন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন। পরাজয় সত্ত্বেও তিনি শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে ১০০টিরও বেশি কেন্দ্রে ভোট লুটের অভিযোগ তুলেছেন। তিনি স্পষ্ট করে করেছেন, আগামী দিনে তিনি এই নির্বাচনি প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি পথে লড়াই চালিয়ে যাবেন। তবে সাংবিধানিক বিধি অনুযায়ী বিধানসভা বিলুপ্ত হওয়ায় তিনি কার্যত ‘প্রাক্তন’ হয়ে গেলেও সামাজিক মাধ্যমে নিজের পরিচয়ে সেই শব্দটির ব্যবহার এড়িয়ে কৌশলী অবস্থান বজায় রেখেছেন।
সূত্র : আনন্দবাজার

এনটিভি অনলাইন ডেস্ক