মাদক, ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতায় পুলিশ
মাদক, ইভ টিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে সাতক্ষীরার শ্যামনগরে উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। এর অংশ হিসেবে আজ রোববার (১৫ নভেম্বর) উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী।
এ সময় ওসি সাফিউল ইসলাম মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব ও ইভ টিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। একই সঙ্গে কেউ ইভ টিজিংয়ের শিকার হলে কিংবা এমন ঘটনা প্রত্যক্ষ করলে ভয় না পেয়ে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময় শেষে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আদর্শ দেশ ও সমাজ গঠনের অঙ্গীকারে শপথবাক্য পাঠ করান ওসি। এ সময় শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সনজিত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম হোসেন, অন্যান্য শিক্ষক ও কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।
ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, মাদক এমন একটি বিষ, যা শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। মাদকের কারণে সমাজে অপরাধ ও অনাচার বাড়ার পাশাপাশি পারিবারিক সম্পর্কও দুর্বল হয়ে পড়ে।
ওসি সাফিউল আরও বলেন, বাল্যবিবাহের কারণে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা অকাল মাতৃত্বের ঝুঁকিতে পড়ে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। পারিবারিক জীবনেও নানা জটিলতা তৈরি হতে পারে। তাই শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই এসব বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি।
ওসি সাফিউল ইসলাম আরও বলেন, শিশুরাই আগামীর ভবিষ্যৎ। একটি মাদক ও বাল্যবিবাহমুক্ত, নিরাপদ সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই শ্যামনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

আফজাল হোসেন, সাতক্ষীরা (শ্যামনগর-কালীগঞ্জ-দেবহাটা)