হোয়াইট হাউসের কাছে গুলিতে বন্দুকধারী আহত, পাশেই ছিলেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের অদূরে এক বন্দুকধারীর গুলিতে কিশোর পথচারী আহত হয়েছে। পরবর্তীতে ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে ওই বন্দুকধারী নিজেও আহত হন। স্থানীয় সোমবার (৪ মে) বিকেলের এই ঘটনায় হোয়াইট হাউস এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর সিএনএনের।
ইউএস সিক্রেট সার্ভিসের (ইউএসএসএস) ডেপুটি ডিরেক্টর ম্যাট কুইন সংবাদ সম্মেলনে জানান, হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের অংশে টহল দেওয়ার সময় কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তিকে অস্ত্রসহ দেখতে পান। কর্মকর্তারা তার দিকে এগোলে ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পাল্টা জবাবে সিক্রেট সার্ভিস কর্মকর্তারাও গুলি চালালে ওই ব্যক্তি আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি যখন ঘটে, তার কিছুক্ষণ আগেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গাড়িবহর ওই এলাকা পার হচ্ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভ্যান্সের গাড়িবহরকে দ্রুত অন্য পথে সরিয়ে নেওয়া হয়। তবে সিক্রেট সার্ভিস নিশ্চিত করেছে, ভাইস প্রেসিডেন্ট বা তার দলের কেউ কোনো ক্ষতির সম্মুখীন হননি।
এদিকে ঘটনার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। ম্যাট কুইন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো বিপদে ছিলেন না। প্রাথমিক তদন্তে হোয়াইট হাউসের সঙ্গে এই ঘটনার সরাসরি কোনো সংযোগ পাওয়া যায়নি।
বন্দুকধারীর ছোড়া গুলিতে এক কিশোর পথচারী সামান্য আহত হয়েছে। ডিসি পুলিশ জানিয়েছে, তার আঘাত গুরুতর নয়। হামলাকারী ৪৫ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তি এর আগে হোয়াইট হাউসের কোনো প্রবেশপথে ঢোকার চেষ্টা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনার সময় নিরাপত্তার খাতিরে হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সংবাদকর্মীদের দ্রুত ব্রিফিং রুমে সরিয়ে নেওয়া হয়। প্রায় পাঁচ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের আবার ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক