হরমুজ প্রণালিতে জাহাজে গুলি : ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ভারত
হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে ইরানি বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এই ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার (১৮ এপ্রিল) ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। খবর আল জাজিরার।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।
রণধীর জয়সওয়াল জানান, ভারতের পররাষ্ট্র সচিব ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেছিলেন। বৈঠকে আজ শনিবার সকালে হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলিবর্ষণের ঘটনায় ভারতের পক্ষ থেকে তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।
বৈঠকে ভারত বাণিজ্যিক জাহাজ ও এর নাবিকদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধারা হয়। নয়াদিল্লি তেহরানকে জানায়, অতীতেও ইরান ভারতগামী জাহাজগুলোর নিরাপদ পারাপারে সহযোগিতা করেছিল। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতেও ভারতগামী জাহাজগুলো যেন কোনো বাধা ছাড়াই দ্রুত প্রণালিটি পার হতে পারে, সেই প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শনিবার সকালে ইরান হরমুজ প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার প্রাথমিক পদক্ষেপ থেকে সরে আসে। এ সময় প্রণালিটি অতিক্রমের চেষ্টাকারী একটি জাহাজের ওপর ইরানি বাহিনী গুলিবর্ষণ করে বলে খবর পাওয়া যায়। এর ফলে একটি ভারতীয় সুপারট্যাঙ্কারসহ বেশ কয়েকটি জাহাজকে মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক