হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) মন্ত্রিপরিষদের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালিতে চলমান নিরাপত্তাহীনতা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনেরই ফল। আক্রমণ সত্ত্বেও তেহরান কূটনৈতিক প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ ছিল বলে উল্লেখ করেন তিনি। খবর আল জাজিরার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, গত দুই বছর ধরে পরিস্থিতি কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও ওয়াশিংটন আগ্রাসন, হুমকি, গুপ্তহত্যা ও অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিয়েছে।
ইরান সবসময় প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পরই কেবল তেহরান আক্রমণকারী দেশগুলোর সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আঞ্চলিক ভূখণ্ড, আকাশসীমা বা সুযোগ-সুবিধা যেন কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
আরাঘচি বলেন, হরমুজ প্রণালিতে বিরাজমান বর্তমান নিরাপত্তাহীনতার জন্য মার্কিন নীতি ও ইরানবিরোধী যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনই মূল কারণ।

এনটিভি অনলাইন ডেস্ক