যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে সরে গেলে বিকল্প পরিকল্পনা ইউরোপের
যুক্তরাষ্ট্র ন্যাটো জোট থেকে সরে যেতে পারে এমন আশঙ্কার মধ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প পরিকল্পনা তৈরি করছে ইউরোপের দেশগুলো। আজ বুধবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, ‘ইউরোপীয় ন্যাটো’ নামে পরিচিত একটি ধারণা নতুন করে গুরুত্ব পাচ্ছে। এর লক্ষ্য হলো, ন্যাটোর বর্তমান কাঠামো ব্যবহার করেই ইউরোপ নিজস্ব সামরিক সক্ষমতা বাড়িয়ে আত্মরক্ষায় সক্ষম হওয়া। খবর আনাদোলুর।
এই উদ্যোগে জার্মানির অবস্থান পরিবর্তন বড় ভূমিকা রাখছে। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বে বার্লিন এখন ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পক্ষে অবস্থান নিয়েছে। এর আগে তারা এ ধরনের ব্যবস্থাকে সমর্থন করত না।
পরিকল্পনার অংশ হিসেবে ন্যাটোর গুরুত্বপূর্ণ কমান্ড পদগুলোতে আরও বেশি ইউরোপীয় কর্মকর্তাকে বসানো এবং ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সামরিক নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানোর চিন্তা করা হচ্ছে।
তবে এই উদ্যোগ ন্যাটোর বিকল্প নয়, বরং বিদ্যমান জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যদি যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সেনা সরিয়ে নেয় বা প্রতিরক্ষায় অংশ না নেয় তখন ইউরোপীয় দেশগুলো বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা, সামরিক কার্যক্রমের ধারাবাহিকতা এবং পারমাণবিক প্রতিরোধ বজায় রাখতে চায়।
মনে করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতা এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক টানাপোড়েনের কারণে ইউরোপে এই ধরনের চিন্তা জোরদার হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক