হরমুজ প্রণালিতে সব জাহাজ আটকানোর ঘোষণা ট্রাম্পের
পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় হরমুজ প্রণালিতে কঠোর সামরিক অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার (১২ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।
প্রেসিডেন্ট ট্রাম্প পোস্টে বলেন, মার্কিন সামরিক বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালি দিয়ে প্রবেশকারী বা সেখান থেকে বেরিয়ে আসা যেকোনো জাহাজ আটক করার প্রক্রিয়া শুরু করবে। তিনি লেখেন, এক পর্যায়ে আমরা ‘সবাইকে ঢুকতে দেওয়া এবং সবাইকে বের হতে দেওয়া’—এমন নীতিতে পৌঁছাতে চেয়েছিলাম, কিন্তু ইরান সেটি হতে দেয়নি।
শুল্ক প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
ইরান সম্প্রতি হরমুজ প্রণালি ব্যবহারের জন্য জাহাজগুলোর ওপর অতিরিক্ত শুল্ক বা টোল আরোপ করেছে, সেটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ট্রাম্প আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি লেখেন, মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে শুল্ক প্রদান করেছে, সেগুলোকে যেন খুঁজে বের করা হয় এবং প্রয়োজনে জব্দ করা হয়। যারা অবৈধ শুল্ক প্রদান করবে, তারা আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ যাতায়াতের সুবিধা পাবে না।
ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ যে জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেখানে সরাসরি মার্কিন অবরোধের অর্থ হলো বিশ্ববাজারে তেলের তীব্র সংকট এবং দামের নজিরবিহীন উল্লম্ফন।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ ইরানের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার পাশাপাশি তেহরানের ওপর চরম সামরিক চাপ সৃষ্টির কৌশল।

এনটিভি অনলাইন ডেস্ক